বৃষ্টিতে পণ্ড সিরিজ নির্ণায়ক ম্যাচ, ১৪২৫ দিন পর টিম ইন্ডিয়ায় ফিরেও বোলিংয়ের সুযোগ পেলেন না ভুবি

চার বছরের অপেক্ষার অবসান। ১৪২৫ দিন। অবশেষে টিম ইন্ডিয়ার জার্সি ফিরে পেলেন ভুবনেশ্বর কুমার। আচমকাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি দলে ডাক পান ভুবি। আর সরাসরি ম্যাচে নামিয়ে দেওয়া হল। বেঙ্গালুরুতে সিরিজের নির্ণায়ক ম্যাচ বৃষ্টির জন্য প্রায় দেড়ঘণ্টা পিছিয়ে যায়। প্রথমে ৯ ওভারের ম্যাচের সিদ্ধান্ত হলেও পরে ফের বৃষ্টি নামে। যে কারণে ম্যাচ ভেস্তে যায়। ২-২ ব্যবধানে সিরিজ শেষ হল।
সম্প্রতি কিউয়ি সিরিজে দলে জায়গা পেয়েছেন। তবে তার আগেই মেন ইন ব্লু’র জার্সিতে বোলিংয়ে দেখার সুযোগ ছিল ভুবিকে। চতুর্থ টি-টোয়েন্টিতে আচমকাই কাঁধে চোট পান অর্শদীপ সিং। বিসিসিআই জানিয়ে দেয়, পঞ্চম টি-টোয়েন্টিতে অর্শদীপকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তারপরই তড়িঘড়ি ভুবিকে দলে নেওয়া হয়।
৯ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে ভারতের সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১৬ করেন। অভিষেক শর্মা মাত্র ৬ রানে আউট হন। ঈশান কিষান ১০ বলে ৩০ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আসে ২২। এরপর তিন ছক্কা, এক চারে ৬ বলে ২৪ রান করেন নমন ধীর। ৭.৪ ওভারে ভারতের রান যখন ১১৮, তখন বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়।
গত তিনটি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ২০০-র উপর রান তুলেছ। তার মধ্যে একটিতে রেকর্ড ২৫০ রান তাড়া করে জিতেছে। ময়ঙ্ক যাদব, প্রিন্স যাদবরা রানের গতি আটকাতে পারছেন না। তবে ম্যাচ ভেস্তে যাওয়ায় আর বোলিংয়ের সুযোগ পেলেন না ভুবি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই ২০১২ সালে অভিষেক হয়েছিল ভুবনেশ্বরের। আবার আইপিএলে এটা তাঁর ঘরের মাঠ। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও আরসিবি’র জার্সিতে সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। এদিন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার যখন দলে ভুবনেশ্বরের নাম ঘোষণা করলেন, তখন গোটা স্টেডিয়াম ‘ভুবি’, ‘ভুবি’ স্লোগানে ফেটে পড়ে।
শেয়ার
লিংক



