0%

বৈভবকে সামলানোর জন্য বিশেষ ‘ফাঁদ’ নিউজিল্যান্ডের, দলকে ‘ওয়ার্নিং’ কিউয়ি পেসারের

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে নিজেদের হোমওয়ার্ক ভালো রকম করা শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড। বিশেষ করে ভারতের ‘বিস্ময় প্রতিভা’ বৈভব সূর্যবংশীকে নিয়ে। অন্তত ব্ল‍্যাক ক্যাপস পেসার জেকব ডাফি তো তাই বলছেন।

আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ১৫ বছরের ওপেনার বৈভবের প্রথম দিকে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু নিউজিল্যান্ড কোনও ঝুঁকি নিতে চায় না। তারা রীতিমতো দুশ্চিন্তায় আছে সূর্যবংশীকে নিয়ে। বিশেষ করে বৈভবের অসম্ভব জোরে বলকে হিট করার ক্ষমতা নিয়ে।

“এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, বৈভব অসামান্য একজন প্রতিভা। আইপিএলে ও ঝড় তুলে দিয়েছে। বৈভব প্রচণ্ড জোরে বলকে হিট করতে পারে। তার চেয়েও বড় কথা, ও সেটা করতে পারে ধারাবাহিক ভাবে,” মঙ্গলবার সাংবাদিকদের বলে দিয়েছেন ডাফি। “ভাবা যায়, প্রতি ম্যাচে ও আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে যায়! তা ছাড়া খুব বেশি ওকে ব্যর্থও হতে দেখবেন না। এটাই বুঝিয়ে দেয়, বৈভব কত বড় প্রতিভা।”

আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা দারুণ কিছু হয়নি বৈভবের। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর আত্মপ্রকাশ বেশ ম্রিয়মানই ছিল। আন্তর্জাতিক মঞ্চে ১৫ বছরের বিস্ময় প্রতিভা নিজেকে চেনাতে শুরু করেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। মাত্র ১৮ বলে হাফসঞ্চুরি করে দিয়ে! পরে এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ের নেপথ্যেও অবদান রেখেছিলেন ওপেনার বৈভব।

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি সুযোগ পান বৈভব, রান করা তাঁর পক্ষে মোটেও সহজ হবে না। প্রথমত, নিউজিল্যান্ডের সিমিং পরিবেশ। তার উপর প্রথম টি-টোয়েন্টি হ্যাগলে ওভালে। ক্রাইস্টচার্চে। যেখানে বল অত্যধিক নড়াচড়া করে। ডাফি বলছিলেন, “বৈভব তো খেলেছে ইংল্যান্ডে। তবে হ্যাঁ, পরিবেশ কিছুটা হলেও আলাদা হবে। চ্যালেঞ্জিং হবে ওর পক্ষে। তা ছাড়া আমরা ওকে নিয়ে আলাদা পরিকল্পনা করে রেখেছি।” পাশাপাশি হ্যাগলে ওভালে যে রানের বন্যা হবে না, সেটা নিয়েও সতর্কতা জারি করে দিয়েছেন নিউজিল্যান্ড পেসার। “যত দূর জানি, পিচে বাউন্স থাকবে। যতক্ষণ না হায়দরাবাদের মতো পিচ হচ্ছে, আমি খুশি,” হাসতে হাসতে বলে দিয়েছেন ডাফি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker