0%

মুখ্যমন্ত্রীর উপহার! এবার মহিলাদের জন্য বিনামূল্যে ভারতীয় দলের ম্যাচের টিকিট

ক্যাপ্টেন হরমনপ্রীত কউর অধ্যায় অতীত। পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে যাত্রা শুরু করছেন স্মৃতি মান্ধানা। শুক্রবার থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে ভারত। ওই সিরিজ ঘিরে অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, মহিলা দর্শকদের জন্য় বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করা হবে।

দিনকয়েক আগে আচমকাই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন হরমন। তবে তিনি খেলবেন ব্যাটার হিসাবে। নতুন অধিনায়কের নেতৃত্বে উইমেন ইন ব্লুর প্রথম সিরিজ শুরু হচ্ছে শুক্রবার। তিনটি ম্যাচই খেলা হবে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। সিরিজের পরের ম্যাচদু’টি খেলা হবে ১৮ এবং ২০ অক্টোবর। অর্থাৎ নবরাত্রির সময়টাতেই মাঠে নামবে ভারতের মহিলা ব্রিগেড। সেজন্য মহিলা দর্শকদের জন্য দারুণ উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।

শুক্রবারের ম্যাচ উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইকে। জানা গিয়েছে, ওই আমন্ত্রণ নিয়ে সরকারি কর্তাদের সঙ্গে আলোচনার সময়েই মুখ্যমন্ত্রী বিশেষ প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু দেবীপক্ষের মধ্যে সিরিজ খেলা হবে তাই মহিলাদের জন্য বিশেষ উপহার দেওয়া যেতে পারে। তাই এই সিরিজের প্রত্যেকটি ম্যাচেই বিনামূল্যে টিকিট দেওয়া হবে মহিলা দর্শকদের। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে ছত্তিশগড়ের ক্রিকেট সংস্থাও। মহিলাদের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন বিপুল সংখ্যায় স্টেডিয়ামে আসেন। গলা ফাটান উইমেন ইন ব্লুর হয়ে।

এই প্রথমবার ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জিম্বাবোয়ের মহিলা দল। রায়পুরের মাটিতেও এই প্রথমবার খেলা হবে মহিলাদের আন্তর্জাতিক ম্যাচ। সবমিলিয়ে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুক্রবার ম্যাচ শুরু হবে। মুখ্যমন্ত্রীর আবেদনে মহিলা দর্শকরা মাঠ ভরাবেন উৎসবের মরশুমে? উল্লেখ্য, ২১১টি ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়া, বিশ্বকাপ জেতানোর পর অধিনায়কত্ব ছেড়েছেন হরমন। এবার ফের ব্যাটার হিসাবে ইনিংস শুরু করবেন তিনি এই সিরিজ থেকে। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker