0%

রেজিনগর-নন্দীগ্রামবাসী পাত্তা পাননি, পুরভোটের আগে গুরুত্ব এসআইআরে বাদ পড়া ভোটারদের, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনের আগে এসআইআরে বাদ পড়া বা বিচারাধীন থাকা ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাননি। উপনির্বাচনের আগে এ সংক্রান্ত মামলার শুনানিতেও রাজি ছিল না শীর্ষ আদালত। এবার কলকাতা ও হাওড়ায় পুরভোটে এসআইআরে বাদ পড়া ভোটারেরা ভোট দিতে পারবেন কি না, তা ঠিক করতে শীঘ্রই শুনানি হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ৩০ অক্টোবর হওয়ার কথা ছিল। সেই শুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে ১৬ অক্টোবর শুনানি হবে। শুক্রবার মামলার শুনানিতে মামলাকার‍ীদের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ এবং আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম দাবি করেন, এ পর্যন্ত এসআইআর ট্রাইব্যুনালে যে কটা মামলার নিষ্পত্তি হয়েছে, সেগুলির মধ্যে ৯৩ শতাংশ নামই ভোটার তালিকায় উঠে গিয়েছে।

মামলাকারীদের দাবি, আদালত নির্দেশ দিক যে সব মামলা এখনও ট্রাইব্যুনালে রয়েছে, সেইসব ভোটাররা যেন পুর নির্বাচনে ভোট দিতে পারেন। শুনানির পর প্রধান বিচারপতি জানান, আদালতে দু’ধরনের মামলা জমা পড়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে চাইছেন। অন্যের নাম বাদ দেওয়ার জন্যেও কিছু আবেদন জমা পড়েছে। এই পরিস্থিতিতে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের মামলাটিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি।

এর আগে রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের আগে ঠিক একই যুক্তিতে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। কিন্তু সেবার সুপ্রিম কোর্ট মামলাটিকে গুরুত্ব দেয়নি। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানায়, “এ তো শুধুই উপনির্বাচন, তার চেয়ে বেশি কিছু নয়।” প্রধান বিচারপতির এই মন্তব্যের পর এ নিয়ে আর কোনও বক্তব্য এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। আগামী ৫ অক্টোবর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই মামলার শুনানি হবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker