0%

“শুধু ধর্মেন্দ্র প্রধান নন, সরতে হতে পারে আরও অনেককে!” নড্ডার বৈঠকের আগেই কেন্দ্রকে হুঁশিয়ারি সিজেপি-র

AK Bangla Desk: শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এবং আন্দোলনকারীদের দাবি নিয়ে কেন্দ্রের অনমনীয় অবস্থানের কারণে দেশজুড়ে ক্ষোভ আরও বাড়ছে—এমনটাই দাবি ককরোচ জনতা পার্টি বা সিজেপির অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কার। তাঁর হুঁশিয়ারি, সরকার দ্রুত নমনীয় না হলে আন্দোলন শুধু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আটকে থাকবে না। আগামী দিনে আরও নেতা-মন্ত্রীর ইস্তফার দাবিও উঠতে পারে। সিজেপি প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে দু’দফা আলোচনা করেছে কেন্দ্র। শনিবার তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা সেই আলোচনার কথা জানালেও বৈঠকের আগেই নিজেদের অবস্থান আরও কঠোর করল আন্দোলনকারী সংগঠনটি। শনিবার সকালে সমাজমাধ্যমে রাঙ্কা স্পষ্ট লেখেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে কোনও অবস্থাতেই সরে আসবে না সিজেপি। তাঁর বক্তব্য, সরকার যদি শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে আলোচনাতেই রাজি না হয়, তবে নতুন করে বৈঠকে বসার কোনও অর্থ নেই।

একটি সাক্ষাৎকারে রাঙ্কা বলেন, শিক্ষায় দুর্নীতি এবং প্রশ্নফাঁস অত্যন্ত সংবেদনশীল বিষয়। মাসের পর মাস ধরে এই সংকট চলতে দেওয়া যায় না। তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ছড়িয়ে পড়ছে এবং সরকার সিদ্ধান্ত নিতে যত দেরি করবে, সাধারণ মানুষের ক্ষোভ ততই বাড়বে। তিনি আরও বলেন, আন্দোলনের নিশানায় এখন শুধু শিক্ষামন্ত্রী নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চলে এসেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র দ্রুত পদক্ষেপ না করলে ভবিষ্যতে আন্দোলনকারীদের দাবির তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে সতর্ক করেন তিনি। কেন্দ্রের কাছে মোট তিনটি প্রধান দাবি রেখেছে সিজেপি। প্রথমত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তৃতীয়ত, নিট প্রশ্নফাঁস ও পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

শুক্রবার সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্র দু’টি দাবি মেনে নিতে সম্মত হয়েছে বলে সংগঠনের দাবি। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করা এবং মৃত পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কেন্দ্র ইতিবাচক অবস্থান নিয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এখনও সরকারের বিবেচনায় নেই বলেই মনে করা হচ্ছে। জেপি নড্ডা জানিয়েছেন, সিজেপির দাবিগুলি নিয়ে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা করা হবে। শনিবারের বৈঠকে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আন্দোলনের মধ্যেই ভিডিয়োবার্তায় নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর আশ্বাসের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন রাঙ্কা। তাঁর বক্তব্য, আন্দোলন শুরু হওয়ার প্রায় ৪৫ দিন পর এবং প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার প্রায় দু’মাস পরে প্রধানমন্ত্রী সক্রিয় হয়েছেন। এতদিন কেন তিনি প্রকাশ্যে কোনও বার্তা দেননি, সেই প্রশ্নও তুলেছেন সিজেপি নেতা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker