0%

সকালের থালায় লাল রংয়ের চমক! বাচ্চার ব্রেকফাস্টে বিট ঢোকাবেন কীভাবে?

সকালবেলা বাচ্চার মুখ গোমড়া? দুধ-রুটি দেখলেই যুদ্ধ? তাহলে থালায় একটু লাল জাদু আনুন। বিটই হতে পারে আপনার সন্তানের শক্তির গোপন অস্ত্র। শুধু রং নয়, পুষ্টিতেও ভরপুর। বাচ্চারা রঙিন খাবার বেশ পছন্দ করে। পুষ্টিবিদদের মতে, বিটে থাকে আয়রন, ফলেট, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তস্বল্পতা ঠেকাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কিন্তু সমস্যা একটাই- বাচ্চারা বিট খেতে চায় না। তাই কৌশল বদলান, রেসিপি বদলান। দেখে নিন স্মার্ট উপায়ে বাচ্চাদের বিট খাওয়াবেন কীভাবে?

বিট ইডলি:
ইডলির ব্যাটারে সামান্য বিটের পিউরি মিশিয়ে দিন। নরম, গোলাপি ইডলি দেখলেই বাচ্চারা আগ্রহী হবে। স্বাদে তফাৎ প্রায় নেই, কিন্তু পুষ্টিগুণ দ্বিগুণ।

বিট পরোটা:
আটার মধ্যে কুচোনো বা সেদ্ধ বিট মিশিয়ে মাখুন। লালচে রঙের নরম পরোটা দই বা আলুর তরকারির সঙ্গে দারুণ লাগে।

বিট দোসা:
দোসার ব্যাটারে বিট ব্লেন্ড করে দিন। কুড়মুড়ে দোসা খেতেও ভালো লাগবে আর শরীর পুষ্টিও পাবে এক ঢিলে দুই পাখি।

বিট উপমা:
সুজির উপমায় ছোট ছোট কিউব করে বিট দিন। রং ও স্বাদে বৈচিত্র্য আসবে।

বিট চিলা:
বেসনের ব্যাটারে বিট মিশিয়ে পাতলা করে ভেজে নিন। টিফিনেও দেওয়া যায়।

বিট স্যান্ডউইচ স্প্রেড:
সেদ্ধ বিট, সামান্য দই আর নুন ব্লেন্ড করে নিন। মাখন নয়, এই স্প্রেড লাগিয়ে বানান স্বাস্থ্যকর স্যান্ডউইচ।

বিট প্যানকেক:
ময়দা বা আটা দিয়ে প্যানকেক বানানোর সময় বিট পিউরি মেশান। উপরে মধু বা ফল দিন।

বিট স্মুদি:
বিট, কলা ও দুধ বা দই ব্লেন্ড করুন। স্বাভাবিক মিষ্টি স্বাদ বাচ্চাদের ভালো লাগবে।

গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত বিট খেলে শরীরে নাইট্রেটের মাত্রা বাড়ে, যা রক্তসঞ্চালন উন্নত করতে সাহায্য করে। ফলে বাচ্চারা বেশি এনার্জেটিক থাকে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker