সফল প্রথম ট্রায়াল রান, কবে চালু হবে বেলেঘাটা-আইটি সেন্টার মেট্রো? জানালেন রেলমন্ত্রী

SOBDIK NEWS: কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য নতুন খবর। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো চালানোর কাজ অনেকটাই এগিয়েছে। এই রুটে প্রথম ট্রায়াল রানও সফল হয়েছে। এবার এই মেট্রো চালু করা নিয়ে বড় কথা জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে বলবেন।
Kolkata Metro : বেলেঘাটা-আইটি সেন্টার মেট্রো নিয়ে কী জানালেন রেলমন্ত্রী?
সোমবার অশ্বিনী বৈষ্ণব জানান, ট্রায়াল শেষ হলে তিনি প্রধানমন্ত্রীকে এই মেট্রো উদ্বোধনের কথা বলবেন। সেই সময় তিনি নিজেও সেখানে আসবেন বলে জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে তিনি বলেন, তখন এসে এখানকার সন্দেশ খাবেন।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত রুটের একটি অংশ হল বেলেঘাটা থেকে আইটি সেন্টার। এই অংশে প্রথম ট্রায়াল রান সফলভাবে শেষ হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, RVNL-এর বিশেষজ্ঞদের সাহায্যে এই পরীক্ষা করা হয়েছে। এই রুটে মেট্রো চালানোর জন্য কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল ব্যবস্থার পরীক্ষাও শুরু হয়েছে। সব কাজ ঠিকঠাক এগোলে চলতি বছরের শেষের দিকে এই রুটে যাত্রী পরিষেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে এই অংশে পুশ ট্রলি দিয়ে রেললাইন পরীক্ষা করা হয়েছিল। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত উড়ালপথ এবং রেললাইন তৈরির কাজ শেষ হয়েছে। পুশ ট্রলি দিয়ে পরীক্ষা করে রেললাইন ও অন্যান্য পরিকাঠামোর অবস্থাও দেখা হয়েছে।
কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল ২০১০ সালে। মোট পাঁচটি পর্যায়ে এই কাজ হচ্ছে। প্রথম পর্যায়ে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং দ্বিতীয় পর্যায়ে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো (Kolkata Metro) চালু রয়েছে। তৃতীয় পর্যায়ের কাজও চলছে।

আরও পড়ুনঃ টাকার বিনিময়ে ডিউটি বিক্রি! সরকারি হাসপাতালে ইন্টার্নদের সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত কাজও অনেকটা এগিয়েছে। তবে চিংড়িঘাটার কাছে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। এই অংশের কাজ শেষ হলে কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রোয় (Kolkata Metro) যাতায়াত করা যাবে।




