এবারে আর রাস্তায় নয়, চোরবাগানের পর বামা কালীর নাচ নিয়ে বড় সিদ্ধান্ত উদ্যোক্তাদের

SOBDIK NEWS: মা দুর্গা, মা লক্ষ্মীর পুজোর পর এবার পালা মা কালীর আরাধনার। আর সপ্তাহ দুয়েক পরেই কালীপুজো আর দীপাবলির আনন্দে মাতোয়ারা হবে গোটা দেশ। বাংলায় শান্তিপুরের কালীপুজো বেশ বিখ্যাত। বিশেষ করে এখানকার দুই বামা কালীর (Bama Kali) মাহাত্ম্য সর্বজনবিদিত। ভক্তির সঙ্গে সঙ্গে এই পুজোর সঙ্গে জড়িয়ে দীর্ঘদিনের ঐতিহ্যও। নিরঞ্জনের সময় ছোট বামা কালীর নাচ দেখতে ভক্তদের ঢল নামে শান্তিপুরে। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই দেখে ফেলেছেন সেই ভিডিও।
বামা কালীর (Bama Kali) নাচ দেখতে ভিড় দর্শকদের
চারিদিকে অগুন্তি ভক্তদের ঢল। মাঝে বামা কালীকে নাচানো হয় কাঁধে তুলে। এতদিন চার রাস্তার মোড়ে হত বামা কালীর এই নাচ। কিন্তু প্রচুর জনসমাগমের জেরে ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়া বা অন্য কোনও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছিল। উপরন্তু দুর্গাপুজোয় কলকাতার চোরবাগানের দুর্ঘটনার কথা মাথায় রেখেই এবার বিকল্প সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড় সিদ্ধান্ত উদ্যোক্তাদের: আর চার রাস্তার মোড়ে নয়, শান্তিপুরের চর জাজিরার বামা কালীর নৃত্যের স্থান বদল করে মন্দির সংলগ্ন একটি খেলার মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি থাকা তিনটি খেলার মাঠকে কাজে লাগিয়ে ভিড় সামলানো ও নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন : কংগ্রেস সভাপতি খাড়গের মুখে বিতর্কিত মন্তব্য! মোদীর বাবাকে তুলে কটাক্ষ, পালটা তোপ বিজেপির
কীভাবে শুরু পুজো: লোক কথা অনুযায়ী, ১৯৪৬ সালে সম্প্রীতির বার্তা দিতে কয়েকজন যুবকের হাত ধরে শান্তিপুরের কালী মুখার্জি মাঠে শুরু হয় বামা কালীপুজো (Bama Kali)। পরবর্তীতে স্বপ্নাদেশ পেয়ে ১৯৬৯ সালে শান্তিপুরের চর জাজিরা এলাকায় শুরু হয় আরেক বামা কালীর আরাধনা। প্রতি বছর নিরঞ্জনের সময় এই মা কালীর নাচ দেখতে ভিড় জমান অগুন্তি ভক্ত।
আরও পড়ুন : শহরের স্কুল থেকে গ্রামে বদলি হবেন শিক্ষকরা, বড় সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা সংসদের
এবছর ঐতিহ্য বজায় রেখেই নিরাপত্তার দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। বামা কালী মাতার সভাপতি বলেন, এখন তো প্রচুর মানুষ আসছেন। যেখানে নৃত্য প্রদর্শন হয় সেখানে এত মানুষের ভিড় হয়। তাই প্রশাসনের সহযোগিতায় এবার হবে খেলার মাঠে।




