0%

শিল্প থেকে কর্মসংস্থান, কৃষি-লক্ষ্মীপুজোয় বাংলার জন্য কী প্রার্থনা মুখ্যমন্ত্রীর ?

SOBDIK NEWS: উৎসবের সন্ধ্যায় মহানায়ক উত্তমকুমারের বাড়িতে হাজির হয়ে পুজোর আনন্দে শামিল হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বাংলার ভবিষ্যৎ নিয়েও একাধিক বার্তা দিলেন। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে চট্টোপাধ্যায় পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজোয় এদিন উৎসবের আবহের পাশাপাশি ছিল রাজনৈতিক ও সামাজিক নানা আলোচনাও। এই বাড়ির লক্ষ্মীপুজোর ইতিহাস জড়িয়ে রয়েছে উত্তমকুমারের পারিবারিক জীবনের সঙ্গে। ১৯৫০ সালে তাঁর ছেলে গৌতমের জন্মের বছরেই মহানায়কের ইচ্ছায় পুজোটি শুরু হয়েছিল। সময়ের সঙ্গে পরিবারের প্রজন্ম বদলালেও সেই রীতিতে ছেদ পড়েনি। বর্তমান প্রজন্মও নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করে আসছে।

লক্ষ্মীপুজোয় হাজির হয়ে কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ?

এবছরও পুরনো ঐতিহ্য মেনেই আয়োজন করা হয়েছিল উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে লক্ষ্মীপুজোর সন্ধ্যায় মহানায়কের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিতরে প্রবেশের আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। বাঙালির উৎসবের খাবারের তালিকায় নাড়ুর জায়গা বরাবরই আলাদা। মুখ্যমন্ত্রীর পছন্দের নাড়ু কোনটি, তা জানতে চাইলে হাসিমুখে তিনি বলেন, “দুটো নাড়ুই আমার ভীষণ পছন্দ। সেই সঙ্গে তিলের নাড়ুও খুব ভালোবাসি।” লক্ষ্মীপুজোর খিচুড়ি ভোগ নিয়েও কথা হয়। সারাদিনের ব্যস্ততার মধ্যে ভোগ খাওয়ার সময় পেয়েছেন কি না, সেই প্রশ্নের উত্তরে নিজের বাড়ির পুজোর কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “খিচুড়িটা এখনও খাইনি। ওটা নিজের বাড়ির জন্য তুলে রেখেছি। আমার বাড়িতেও পুজো হয়। বাড়ি গিয়ে খিচুড়ি ভোগ খাব।”

লক্ষ্মীপুজোর শুভক্ষণে রাজ্যের জন্য নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে নতুন শিল্প স্থাপন, ব্যবসার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধির বিষয়গুলি। তিনি বলেন, “বাংলা সমৃদ্ধশালী হোক। বাংলায় আরও অনেক শিল্প আসুক। ব্য়বসায় উন্নতি হোক, যুবসমাজের জন্য কর্মক্ষেত্র প্রসারিত হোক, কৃষকভাইদের আরও ভালো ফসল ফলুক।”

এদিন ‘সোনার বাংলা” গড়ার প্রতিশ্রুতির প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও নির্দেশিকা অনুসরণ করে দল কাজ করছে বলে জানান তিনি। তাঁর কথায়, “আমরা যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রতি দিয়েছি সেটাই হবে। এই সোনার বাংলার গ্যারেন্টার প্রধানমন্ত্রী। আমরি দলগতভাবে তাঁর নির্দেশিকা মেনে কাজ করছি।”সবশেষে মহিলাদের আর্থিক উন্নতির প্রসঙ্গ টেনে তাঁর বার্তা, “সব দিদি লাখপতি দিদি হোক।”

Know what did CM Suvendu Adhikari pray for state's development on laxmi puja

আরও পড়ুন : রবিবার হাওড়ার কোন কোন লোকাল বাতিল? বদল ৪ এক্সপ্রেসের সময়, দেখুন তালিকা

উৎসবের দিনেও মহিলাদের নিরাপত্তার প্রশ্নটি এড়িয়ে যাননি মুখ্যমন্ত্রী। তাঁর মতে, নিরাপত্তা আরও জোরদার করতে পুলিশকর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি আইন কার্যকর করার উপর জোর দিতে হবে। অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker