বিদেশে বসে অপরাধের সাম্রাজ্য! আমেরিকায় ধৃত ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার হিমাংশু

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য। অবশেষে আমেরিকায় গ্রেপ্তার হলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার হিমাংশু ভাউ। হরিয়ানার বাসিন্দা এই কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। দিল্লি ও হরিয়ানায় খুন, খুনের চেষ্টা এবং তোলাবাজি-সহ একাধিক মামলায় অভিযুক্ত হিমাংশু দীর্ঘদিন ধরেই ফেরার ছিলেন বলে জানা গিয়েছে। ১৮টি মামলায় অভিযুক্ত এই গ্যাংস্টারের বিরুদ্ধে ২০২৩ সালে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি হয়েছিল। তাঁকে দেশে প্রত্যর্পণের জন্য আবেদন জানাতে পারে ভারত।
২০০২ সালে জন্ম হিমাংশুর আসল নাম হিমাংশু রিতোলিয়া। হরিয়ানার রোহতক জেলার রিতোলি গ্রামের বাসিন্দা তিনি। হরিয়ানার অপরাধজগতে অন্যতম তরুণ গ্যাংস্টার হিসাবে পরিচিত হিমাংশু। অভিযোগ, কিশোর বয়সেই অপরাধজগতে পা রাখেন তিনি। ২০২০ সালে অন্য কয়েক জন আবাসিকের সঙ্গে একটি কিশোর সংশোধনাগার থেকে পালিয়ে যান। এরপর ধীরে ধীরে হরিয়ানার অপরাধজগতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। একাধিক মামলায় তাঁর নাম জড়িয়েছে। এনআইএ, দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তাঁর নাম রয়েছে। হিমাংশুর সঙ্গে নীরজ বাওয়ানা, নবীন বালি গ্যাংয়ের যোগ রয়েছে বলে জানা যায়।
পাশাপাশি, লরেন্স বিষ্ণোই-গোল্ডি ব্রার গোষ্ঠীর সঙ্গে তাঁর গ্যাংয়ের সংঘাতের কথাও বিভিন্ন সময় উঠে এসেছে। দিল্লির বার্গার কিং আউটলেটে খুন, ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরে গুলি চালানো-সহ একাধিক ঘটনায় হিমাংশুর গ্যাংয়ের সদস্যদের নাম জড়িয়েছে।
শেয়ার
লিংক



