‘ও যেন জলহীন মাছের মতো’, ব্যর্থতার পরই বৈভবের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অশ্বিনের

বৈভব সূর্যবংশীকে বোধ হয় এখন ভরসা করে উঠতে পারছেন না কোচ গৌতম গম্ভীর। নাহলে যে বৈভব আইপিএল এবং ভারতের এ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করলেন, জাতীয় দলে সীমিত সুযোগে নজর কাড়লেন, তাঁকে কেন ম্যাচ খেলার জন্য কোচ গম্ভীরের অধীনে ১০৮ দিন অপেক্ষা করতে হবে। ১০৮ দিন পরও যখন সে সুযোগ পেল, সেটাও নিজের পছন্দের পজিশনে নয়। যে ওপেনিং ছাড়া অন্যত্র কখনও খেলেনি, তাকে খেলতে হল ৩ নম্বরে। ফলে যা হওয়ার তাই হল, দীর্ঘদিন বেঞ্চ গরম করার পর মাঠে নেমে ব্যর্থ বৈভব। ঘুরিয়ে সেই ব্যর্থতার দায় কোচ গম্ভীরের উপরই চাপালেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
তিনি বলছেন, ৩ নম্বরে বৈভবকে দেখে মনে হচ্ছে ও যেন ‘জলহীন মাছে’র মতো। অশ্বিনের সাফ কথা, ওপেনিং ছাড়া অন্যত্র খেলাটা ওর দ্বারা হবে না। তাই আগামী দিনে যদি অভিষেক শর্মা, বৈভব এবং সঞ্জু স্যামসন তিন জনকেই দলে একসঙ্গে খেলাতে চায় টিম ইন্ডিয়া, তাহলে বৈভবকে কোনওভাবেই ওপেনিং থেকে সরানো উচিত হবে না। সেক্ষেত্রে দরকারে সঞ্জুকে নিচে নামানো যেতে পারে। অশ্বিনের যুক্তি সঞ্জু তো আগেও খেলেছে ৩ নম্বরে।
আসলে ১০৮ দিন পর সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে বৈভব ৮ বলে মাত্র ৪ রান করেছে। ম্যাচ শেষে সম্প্রচারকারী সংস্থাকে বৈভবকে নিয়ে অশ্বিন বলেছেন, “ওকে দেখে মনেই হয়নি ও ঠিকঠাক টাইমিং করছে। ওই সময় হয়তো কোনও সিনিয়র পার্টনারের উচিত ছিল ওর কাছে গিয়ে কথা বলা। ওকে বলা যে শরীরের আরও কাছ থেকে খেলো, ভালো করে বল দেখ। আসলে ওর তো দুটোই খেলা। হয় মারো, নয় মিস করো। তবে আমার ওকে দেখে জলহীন মাছের মতো মনে হয়েছে।” টিম ম্যানেজমেন্টের উদ্দেশে অশ্বিনের সাফ বার্তা, আগামী দিনে বৈভবকে ৩ নম্বরে নামিয়ে পরীক্ষানিরীক্ষা না করাই ভালো। এটা ওর দ্বারা হবে না।
চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক। সেই সিরিজে ৯ জুলাই ম্যাচ খেলেছিল বৈভব। এরপর জিম্বাবোয়েতে সুযোগ পেয়েছে, এশিয়াডে খেলেছে। দু’টো হাফসেঞ্চুরি করে ফেলেছে। কিন্তু এই দুই ক্ষেত্রে কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। মাঝে গম্ভীরের কোচিংয়ে ভারত একাধিক সিরিজ খেলেছে। কিন্তু গম্ভীর কোনও এক অজ্ঞাত কারণে বৈভবকে নিয়মিত সুযোগ দিতে রাজি হননি। এবার ৩ নম্বরে সুযোগ পেয়ে ব্যর্থ হল তরুণ ব্যাটার। দেখা যাক আগামী দিনে টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কী ভাবে।
শেয়ার
লিংক



