Jogen Chowdhury: ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করে জীবন যুদ্ধে হার, প্রয়াত বিখ্যাত শিল্পী যোগেন চৌধুরী |Famous Painter Jogen Chowdhury Passed Away

সহেলি মিত্র, কলকাতাঃ হল না শেষ রক্ষা, প্রয়াত হলেন বিখ্যাত শিল্পী যোগেন চৌধুরী (Jogen Chowdhury)। জানা গিয়েছে, আজ সকাল ১০:৪৫ নাগাদ শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে শিল্পী এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী
প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, যিনি এক বছরেরও বেশি সময় ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন, তাঁকে শনিবার কলকাতার একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে ৮৭ বছর বয়সী ওই শিল্পীর দুর্গাপুজোর সময়ে মূত্রনালীর সংক্রমণ হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল। যদিও শেষ রক্ষা হল না।
উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৬ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যোগেন চৌধুরী। তিনি দেশভাগের সময় তৎকালীন কলকাতায় চলে আসেন। এরপর তিনি শহরে শিল্পকলা নিয়ে পড়াশোনা শুরু করেন এবং পরে প্যারিসে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন একজন জমিদার এবং শিল্পকলার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল।
কলকাতায় পরিবারের শুরুর দিনগুলোতে যোগেন চৌধুরী তাঁর কাকার কোয়ার্টারের দেয়ালে ছবি আঁকা শুরু করেন, বলা চলে সেখান থেকেই শিল্পীর হাতেখড়ি শুরু হয়। ১৯৫১ সালে পরিবার নিয়ে শিল্পী ঢাকুরিয়া এলাকার শহীদনগর কলোনিতে চলে আসে।



