স্টারলিঙ্কের অপব্যবহার! ‘ওরা হত্যালীলা চালাচ্ছে’, ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক মাস্ক

কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক এবং তার সামরিক সংস্করণ স্টারশিল্ডের অপব্যবহার করছে ইউক্রেন। এমনই বিস্ফোরক দাবি করলেন স্পেসএক্স কর্তা এলন মাস্ক। তাঁর দাবি, পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করেছে দেশটি। স্টারশিল্ড ব্যবহার করে ভয়ংকর ড্রোন হামলা চালাত ইউক্রেনের বাহিনী। এর জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে।
২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনে স্টারলিঙ্ক সক্রিয় করে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। যুদ্ধের ময়দানে সে দেশের সামরিক বাহিনী স্টারলিঙ্ককে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল – যোগাযোগ ও সমন্বয়, ড্রোন পরিচালনা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ইত্যাদি। কিন্তু সম্প্রতি ইউক্রেনে দাবি করে, স্টারলিঙ্কের পরিষেবায় বিভ্রাট দেখা গিয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের গতি। একটি রিপোর্ট অনুযায়ী, স্টারলিঙ্ক বিপর্যয়ে যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিয়েভের। আকাশ থেকে মাছির মতো ঝরে পড়ে একের পর এক ড্রোন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রায় ১০ লক্ষ ডলারেরও বেশি মূল্যের ড্রোন খুইয়েছে সে দেশের সেনা।
শনিবার বিষয়টি নিয়ে মুখ খোলে মাস্ক। তিনি বলেন, “স্টারশিল্ড একটি ভিন্ন ব্যবস্থা, যা মার্কিন সরকার নিয়ন্ত্রণ করে। তারা কী করবে, তা সম্পূর্ণ তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে।” তিনি আরও বলেন, “বিশ্বের অন্য যে কোনও বেসরকারি সংস্থার তুলনায় স্পেসএক্স ইউক্রেনের প্রতিরক্ষায় অনেক বেশি অবদান রেখেছে। যুদ্ধের শুরুর দিকে রাশিয়া যখন ইউক্রেন দখলের চেষ্টা করছিল, তখন মস্কোর ব্যবহৃত বিভিন্ন যোগাযোগ মাধ্যমকে ব্যাহত করার মাধ্যমে স্পেসএক্স ইউক্রেনকে রক্ষা করেছিল।” কিন্তু কেন ইউক্রেনে গতি কমানো হল স্টারলিঙ্কের? মাস্কের কথায়, “ইউক্রেন পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করে স্টারলিঙ্ককে হাতিয়ার হিসাবে ব্যবহার করছিল। কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে চালানো হচ্ছিল ড্রোন হামলা। মৃত্যু হয়েছে বহু মানুষের।” তবে শনিবার কিয়েভ জানিয়ে দিয়েছে যে, দেশে স্টারলিঙ্ক পরিষেবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে।
শেয়ার
লিংক



