বিশ্বকাপে সোনালি সফর অব্যাহত, লাওসের পর এবার শক্তিশালী ক্যামেরুনকেও হারাল ভারত

ভারত: ২ (ফ্যারেল এনগোবো আত্মঘাতী, আর লালরেমরুতফেলা)
ক্যামেরুন: ১ (মহম্মদ সোহেল খান আত্মঘাতী)
অভাবনীয় হলেও সত্যি। ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিতল ভারত। বিশ্ব ফুটবলে যে কটা আফ্রিকার দেশের নাম সমীহের সঙ্গে উচ্চারিত হয়, সেগুলির মধ্যে অন্যতম ক্যামেরুন। সেই ক্যামেরুনকে কঠিন ম্যাচে ২-১ গোলে হারিয়ে দিল ভারতের অনূর্ধ্ব-১৫ ছেলেরা।
ফিফা আয়োজিত প্রথম ম্যাচে লাওসের বিরুদ্ধে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে দুরন্ত ফুটবল উপহার দেয় বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। ৪-২ গোলে জেতে ভারতের অনূর্ধ্ব-১৫ দল। ভারতের হয়ে জোড়া গোল করে আর লালরেমরুতফেলা। গোল করে ম্যাকডোনিশ এনগাইরাংবাম এবং শ্রীরামপুরের সাতঘড়া পূর্বপাড়ার সৌম্যজিৎ সরকার। সে তুলনায় রবিবার ক্যামেরুনের বিরুদ্ধে অনেক কঠিন লড়াইয়ে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও এদিন ম্যাচের শুরুটা দুর্দান্ত করে ভারত। বয়েজ ইন ব্লু-র চাপে ম্যাচের এক্কেবারে প্রথম ম্যাচেই আত্মঘাতী গোল করে বসে ক্যামেরুনের এনগোবো।
এরপর অবশ্য আক্রমণ শুরু করে ক্যামেরুন। হাফ টাইমের একেবারে শেষের দিকে গোল শোধ করে দেয় আফ্রিকার দলটি। এবারও অবশ্য আত্মঘাতী গোল করে ভারতের মহম্মদ সোহেল খান। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে গিয়ে ফের এগিয়ে যায় ভারত। আগের ম্যাচে জোড়া গোল করা লালরেমরুতফেলা ফের গোল করেন। এর আগে ও পরে ক্যামেরুন গোল করার বহু চেষ্টা করেছে। এমনকী পেনাল্টিও পেয়ে যায় তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি ভারতের গোলরক্ষক জেনিন নিনথোজামের অনবদ্য পারফরম্যান্সের সুবাদে। পেনাল্টিও আটকে দেয় সে।
এই জয়ের ফলে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসবের গ্রুপ কে-র দুই ম্যাচের দুটিই জিতল ভারত। এবং বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরাই একমাত্র যারা দু’ম্যাচ জিতেছে। ভারতের তৃতীয় ম্যাচ রবিবারই গ্রেনাডার বিরুদ্ধে। এই গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতেই ঠিক হবে পরের রাউন্ডে কেমন প্রতিপক্ষ পাবে ভারতীয় দল।
শেয়ার
লিংক



