কোহলিদের প্রশংসায় পঞ্চমুখ ধোনি, অবসর নিয়েও মুখ খুললেন ক্যাপ্টেন কুল

দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পাওয়া। পরের বছরও খেতাব ধরে রেখেছেন বিরাট কোহলিরা। টানা দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপট দেখেছে ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক পারফরম্যান্স বলার মতো নয়। এ হেন পরিস্থিতিতে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ আরসিবির প্রশংসা করলেন সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাছাড়াও নিজের ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন ক্যাপ্টেন কুল।
বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনি স্বীকার করেছেন, এই মুহূর্তে ধারাবাহিকতার বিচারে আরসিবি তাঁদের চেয়ে ঢের এগিয়ে। তাঁর কথায়, “আরসিবি সত্যিই খুব ভালো খেলেছে। জীবনে ভালো সময় আসে। খারাপ সময়ও আসে। কিন্তু সেই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, দল হিসাবে কোন কোন জায়গায় উন্নতি করা দরকার, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “আমরা যখন জিততাম, তখন জানতাম একটা সময় আসবে, যখন হারতে শুরু করব। আসল চরিত্রের পরীক্ষা হয় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময়ে। গত কয়েক বছরে আরসিবি ধারাবাহিক ভাবে ভালো খেলেছে। কিন্তু আমরা সেটা করতে পারিনি।”
২০২৩ সালে শেষবার খেতাব জিতেছিল সিএসকে। তার পর থেকে চেন্নাইয়ের অবস্থা তথৈবচ। তার পর শেষ চারেও উঠতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০২৫ সালে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে শেষ করে সিএসকে। আর গত আইপিএলে আটে। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পরে টানা দু’বার চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। আইপিএলে আরসিবি-চেন্নাই দ্বৈরথ মানে আলাদা আকর্ষণ। কোহলি-ধোনির লড়াই লড়াই দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকেন সমর্থকরা। যদিও বেশ কয়েক বছর চেন্নাই সমর্থকদের জন্য একরাশ হতাশাই গ্রাস করেছে।
চেন্নাইয়ের সামনে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। গত কয়েক মরশুমের ব্যর্থতার পরে দলের অন্দরেও বড়সড় পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন দায়িত্ব সামলানোর পরে প্রধান কোচের পদ ছেড়েছেন স্টিফেন ফ্লেমিং। ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন তিনি। তাঁর জায়গায় চেন্নাইয়ের নতুন কোচ প্রাক্তন পেসার জাহির খান। তবে আরও একটা আইপিএল আসছে আর সেখানে ধোনির অবসর নিয়ে জল্পনা থাকবে না, তা কী হয়! এ ব্যাপারে মুখ খুলেছেন মাহি স্বয়ং। তিনি বলেন, “আগে আমাকে পরীক্ষা করাতে হবে। তার পরে রিপোর্ট দেখাব। ডিসেম্বরের আগে বুঝে নিতে হবে, আরও একটা মরশুম খেলার মতো শারীরিক সক্ষমতা আমার রয়েছে কি না।” এর পরেই রসিকতার করে জবাব, “আরও একটা বছর খেলতে পারব কি না, তা নিশ্চিত করতে হবে চিকিৎসকদের। ধকল সামলানোর মতো জায়গায় তো রাখতে হবে। যাতে পুরনো ভিন্টেজ গাড়িটা রাস্তায় ভালো ভাবে চলতে পারে। সব চাপ এখন ওদের উপর।”
শেয়ার
লিংক



