Nadia: অন্নপূর্ণার টাকায় মদ খাচ্ছেন স্বামীরা, কাউন্টারে তালা ঝুলিয়ে নদীয়ায় বিক্ষোভ মহিলাদের | Nadia Woman Protest for Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর আগেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে দিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে পঞ্চম কিস্তির টাকা ঢুকল মহিলাদের। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তবে এবার অন্নপূর্ণার টাকায় মদ কেনার অভিযোগ নদীয়ায় (Nadia) মদের দোকান বন্ধের দাবি জানালেন উপভোক্তারা। এমনকি মদের কাউন্টারে তালা ঝুলিয়ে পর্যন্ত পথে নেমেছেন তাঁরা।
অন্নপূর্ণার টাকা দিয়ে মদ কেনার অভিযোগ মদের কাউন্টারে তালা মহিলাদের
পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনদরদী প্রকল্প অন্নপূর্ণা যোজনা। প্রতিমাসে মহিলাদের দেওয়া হচ্ছে ৩০০০ করে। স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম। তবে মহিলাদের সেই টাকা তুলেই মদ কেনার অভিযোগ উঠছে স্বামীদের বিরুদ্ধে। সেই দাবিতেই এদিন মদের কাউন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। জানা গিয়েছে, নদীয়ার দক্ষিণ আরংঘাটার সাহাপাড়ায় এদিন কয়েকশো মহিলা প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন। এমনকি প্ল্যাকার্ডে স্পষ্টভাবে লেখা “মদ সমাজের পক্ষে ক্ষতিকারক। তাই মদ বন্ধ করতে হবে।”
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, মদ কেনার জন্য স্বামীরা অন্নপূর্ণা যোজনার টাকা জোর করে কেড়ে নিচ্ছেন তাঁদের থেকে। এমনকি টাকা না দিলে মারধর পর্যন্ত করা হচ্ছে। এই আন্দোলনের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ধানতলা থানা এবং আড়ংঘাটা ফাঁড়ির পুলিশ। প্রশাসনের তৎপরতায় মহিলাদের ওই বিক্ষোভ ওঠে। কিন্তু তাঁদের একটাই দাবি, অবিলম্বে সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে।
“আরশোলা”দের রুখতে মুখ্যমন্ত্রীর নতুন পরিকল্পনা, এবার ছোট থেকেই শুরু হবে রাষ্ট্রবাদের পাঠ
এ বিষয়ে বিক্ষোভকারী এক মহিলার অভিযোগ, “আমি আমার গ্রামকে নেশামুক্ত করতে চাই। মদ এই সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমাদের সংসার যাতে সুস্থ সবল ভাবে চলে, সেটাই আমাদের দাবি। বাচ্চারা যাতে পড়াশোনা করতে পারে, এই কারণের জন্যই আমরা এসেছি। কারণ, অনেক স্বামী রয়েছে যারা মদ খেয়ে বাড়িতে গিয়ে মেয়েদের উপর অত্যাচার করে। এমনকি অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েই তাঁরা মদ কিনে বাড়িতে অশান্তি করছে। মদ বন্ধ করার জন্যই আমরা এখানে এসেছি।”



