0%

নৈহাটির বড়মার পুজোয় VIP কালচার বন্ধ! খুঁটিপুজোর দিনই বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

SOBDIK NEWS: প্রত্যেক বছর নৈহাটির বড়মার (Naihati Boro Maa) পুজো দেখতে হাজারও মানুষ ছুটে আসেন। রবিবার, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সেই পুজোর খুঁটিপুজো হয়ে গেল। আর সেদিনই বড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। বড়মার কাঠামো পুজোয় উপস্থিত হয়ে ভিআইপি সংস্কৃতির তীব্র বিরোধিতা করেন তিনি। একইসঙ্গে বলেন, মায়ের কাছে কেউ ভিআইপি হয় না, মায়ের কাছে সবাই ভক্ত।

বড়মার পুজো নিয়ে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর | (Arjun Singh)

প্রত্যেক বছরের মতো এবারও লক্ষ্মীপুজোর দিন বড়মার পুজোর খুঁটিপুজো হয়েছে। এদিন সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী জানান, তিনিও ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে পুজো দেখেছেন। একইসঙ্গে বলেন, “মায়ের কাছে কেউ ভিআইপি হয় না। মায়ের কাছে সবাই ভক্ত, প্রত্যেকের যাওয়া উচিত।“

আরও পড়ুনঃ দিওয়ালির আগেই ২ দিনের ছুটি! পাঁচ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ রাজ্য সরকারের

এদিন খুঁটিপুজোর সময় পরিবহণমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ ও মন্দির কমিটির সদস্যরা। সেই সময়ই ভিআইপি কালচার বন্ধ করতে কড়া বার্তা দেন অর্জুন।

রাজ্যের মন্ত্রী স্পষ্ট জানান, “আমরা কোনও রকম ভিআইপি কালচার মানি না। মায়ের কাছে সবাই সমান। সবার সমান সুযোগ পাওয়া উচিত। সেই কারণে বাইরে দাঁড়িয়েই খুঁটিপুজো দেখেছি। পুরোহিতরা পুজো করছেন। কমিটির সদস্যরা তাঁদের সাহায্য করছেন। এটাই আমাদের সংস্কৃতি।“

এদিন বড়মার পুজোর সময় হওয়া বিপুল জনসমাগম ও নির্বিঘ্নে বিসর্জন নিয়েও বড় বার্তা দেন অর্জুন। লক্ষ লক্ষ মানুষের সমাগমে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, বিশেষত বিশালাকার প্রতিমা বিসর্জনের সময় যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই কারণে ঘাটের পরিকাঠামো খতিয়ে দেখার কথা বলেন তিনি।

Arjun Singh

পরিবহণমন্ত্রী জানান, রাজ্য পরিবহণ দফতরের তরফে বিসর্জনের ঘাটের উন্নয়নের জন্য প্রায় ৯ কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গাপুজোর সময় চোরবাগানে ঘটে যাওয়া বিপর্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দুর্ঘটনা কেউ আটকাতে পারে না। তবে আমরা আগে থেকে ব্যবস্থা নেব এটা নিশ্চিত।“

তৃণমূল আমলে নৈহাটির বড়মার মন্দিরে ভিআইপি কালচার নিয়ে বহু বিতর্ক হয়েছে। রাজ্যে পালাবদলের পরেই সেই সংস্কৃতি বন্ধের বার্তা দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি স্পষ্ট জানান, মায়ের কাছে সবাই সমান। তাই সবার সমান সুযোগ পাওয়া উচিত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker