রনজিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়, কেরলের বিরুদ্ধে বাংলাকে টানছেন শাহবাজরা

রনজিতে প্রথম দু’ম্যাচে জিতেছে বাংলা। তবে কেরলে গিয়ে তৃতীয় ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়। প্রথম দিনের শেষে যথেষ্ট চাপে লক্ষ্মীরতন শুক্লার দল। বৃষ্টির জন্য ম্যাচ শুরু করতে অনেকটাই দেরি হয়। তারপর ২০০ তোলার আগেই ৬ উইকেট হারিয়েছে বাংলা। আপাতত বঙ্গ ব্যাটিংকে টানছেন শাহবাজ আহমেদরা।
কেরলের তিরুঅনন্তপুরমে বৃষ্টির সম্ভাবনা ছিলই। গত কয়েকদিন ধরে নিয়মিত বৃষ্টি হচ্ছে। তার মধ্যে ম্যাচ শুরু করতে প্রায় ঘণ্টা দেড়েক দেরি হয়। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলার। মাত্র ১০ রান করে ফিরে যান অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। রান পাননি আমির গনিও (১৪)। সেখান থেকে বাংলাকে টেনে তোলার কাজ করেন অঙ্কুর পাল ও সুদীপ কুমার ঘরামি।
কিন্তু ১০০ রান পেরোতেই বিপর্যয়। ব্যক্তিগত ৬৬ রানের মাথায় আউট হন অঙ্কুর। তারপর আচমকা ভেঙে পড়ে বাংলার ব্যাটিং। ১০২ রানে ২ উইকেট থেকে ১০৮ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। প্রথম বলেই আউট অভিষেক পোড়েল। আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন রানের দেখা পাননি বঙ্গ উইকেটকিপার। সুদীপ চট্টোপাধ্যায়ের অফ ফর্ম অব্যাহত। এদিন করলেন মাত্র ৬ রান। প্রশ্ন উঠছে, সুদীপকে বসিয়ে কি তরুণ ক্রিকেটার চন্দ্রহাস দাশকে খেলানো উচিত?
এরপর বাংলার ব্যাটিংয়ের হাল ধরেন শাহবাজ আহমেদ। সুদীপ ঘরামির সঙ্গে জুটি বাঁধেন তারকা অলরাউন্ডার। ৩৬ রানে আউট হন সুদীপ। প্রথম দিনের শেষে বাংলার রান ৬ উইকেট হারিয়ে ১৭২। ৩৫ রানে অপরাজিত আছেন শাহবাজ। সঙ্গে সুমন্ত গুপ্ত। ৩টি উইকেট আদিত্য শারওয়াতের। দ্বিতীয় দিনে শাহবাজ ও সুমন্ত যদি বড় রানের জুটি গড়তে পারেন, তাহলে পরের দায়িত্ব পড়বে মহম্মদ শামিদের উপর। ফর্মে আছেন স্পিনার প্রদীপ্ত প্রামাণিকও।
শেয়ার
লিংক



