0%

‘ওর জন্য সহানুভূতি রয়েছে’, ‘ব্যর্থ’ ভুবিকে আরও সময় দিতে চান ভারতের বোলিং কোচ

চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। তার উপর প্রত্যাশার চাপ। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে ফিরেও দু’টো ম্যাচে ব্যর্থ ভুবনেশ্বর কুমার। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ যে আলাদা, তা মনে করিয়ে দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। তবে ভুবির পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, পর্যাপ্ত সময় দিতে হবে ৩৬ বছরের পেসারকে। সমালোচনায় কান না দিয়ে তাঁকে স্বাভাবিক খেলাটা খেলতে বলেছেন মর্কেল। 

নিউজিল্যান্ডে দুই টি-টোয়েন্টি মিলিয়ে ৯৯ রান দিয়েছেন ভুবি। প্রথম ম্যাচে দিয়েছেন ৪ ওভারে ৪৯। দ্বিতীয় ম্যাচে ৫০। ইকোনমি রেট ১২.৩৭। যা এই সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। সাকূল্যে পেয়েছেন একটি মাত্র উইকেট। তবে সাংবাদিক সম্মেলনে মর্কেল বলেন, “ভুবনেশ্বরের প্রত্যাবর্তন নিয়ে আমার সহানুভূতি রয়েছে। চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে প্রত্যাশা থাকবেই। আইপিএলে ও অসাধারণ পারফর্ম করেছে। বল হাতেও দারুণ ছিল। কিন্তু সেই প্রত্যাশার চাপ সরিয়ে রাখাটাই প্রথম কাজ।” আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের ফারাকও তুলে ধরেছেন ভারতের বোলিং কোচ। তাঁর মতে, প্রত্যাবর্তনের আগে ভুবনেশ্বর অনুশীলনের সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি নেওয়ার সময় কম ছিল। মর্কেলের কথায়, “এক মাস ক্রিকেট খেলেছে। অনুশীলনও করেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণ অন্য রকম। এখানে সামান্য ভুলেরও মূল্য চোকাতে হয়। সূচির কারণে প্রস্তুতির জন্য বেশি সময় পায়নি ও। তাই সীমিত অনুশীলনের মধ্যেই নিজেকে তৈরি করতে হয়েছে।”

নিউজিল্যান্ডে দুই টি-টোয়েন্টি মিলিয়ে ৯৯ রান দিয়েছেন ভুবি। প্রথম ম্যাচে দিয়েছেন ৪ ওভারে ৪৯। দ্বিতীয় ম্যাচে ৫০। ইকোনমি রেট ১২.৩৭। যা এই সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

ভুবনেশ্বরের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে কোনও সংশয় নেই মর্কেলের। তাঁর কথায়, “দক্ষতা ও অভিজ্ঞতা সবই রয়েছে ওর। কিন্তু ক্রিকেটকে সম্মান করতে হবে। কয়েকটি ম্যাচে ওকে নিজের ছন্দ খুঁজে নেওয়ার সুযোগ দিতে হবে। দলে যোগ দেওয়ার পর থেকেই আমার বার্তা একটাই, কোনও কিছুর পিছনে ছুটবে না। নিজের স্বাভাবিক খেলাটা খেলবে।” প্রত্যাশার চাপ যে থাকবেই, তা মেনে নিয়েও ভুবনেশ্বরকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন মর্কেল। তাঁর মন্তব্য, “এটা ঠিক যে, প্রত্যাশা থাকবে। কিন্তু প্রতিটি ম্যাচের সঙ্গে তুমি আরও ভালো খেলবে। নিজের ছন্দ ফিরে পাবে। তাই বাইরের আলোচনা নিয়ে ভেবো না। নিজের মতো থাকো। খেলায় মন দাও।”

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ময়ঙ্ক যাদবের পরিবর্তে প্রিন্স যাদবকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন মর্কেল। লখনউ সুপার জায়ান্টসের পেসার প্রিন্স ওই ম্যাচে চার ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। মর্কেল বলেন, “ওই মাঠ দেখে আমাদের মনে হয়েছিল, কৌশলগত পরিবর্তন প্রয়োজন। ডেথ ওভারে প্রিন্স ইয়র্কার দিতে পারে। সেই কাজে ও যথেষ্ট দক্ষ। দ্বিতীয় ইনিংসে বল ভিজে যাওয়ার সম্ভাবনা ছিল। মাঠের আয়তনের কথাও মাথায় রাখতে হয়েছিল। তাই এমন একজনকে চেয়েছিলাম, যার ইয়র্কার নিখুঁত জায়গায় ফেলার সম্ভাবনা বেশি। ওকে আমরা ম্যাচের সমস্ত পর্যায়েই ব্যবহার করতে পারি। আর নিজের পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে ওর দক্ষতা কিন্তু দারুণ।”

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ময়ঙ্ক যাদবের পরিবর্তে প্রিন্স যাদবকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন মর্কেল।

প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন ময়ঙ্ক। তবে তাঁর বাদ পড়ার সঙ্গে পারফরম্যান্সের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন মর্কেল। ভারতের বোলিং কোচের কথায়, “প্রথম ম্যাচে ময়ঙ্ক সত্যিই ভালো বল করেছিল। তাই পারফরম্যান্সের কারণে ওকে বসানো হয়নি। আমার মনে হয়, ময়ঙ্কের মতো তরুণ ক্রিকেটারের মাঝেমাঝে একটা ম্যাচ বাইরে বসে নিজের বোলিং নিয়ে ভাবার সুযোগ পাওয়া ভালো। কীভাবে ব্যাটারকে পড়তে হয়, কীভাবে একটা ওভার সাজাতে হয়, সেসব ওর এখনও শেখার বাকি। ও এখনও অনেকটাই কাঁচা। তাই এই বিরতি ওর জন্য খারাপ কিছু নয়।” এদিকে ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তৃতীয় টি-টোয়েন্টিতেও চোটের কারণে খেলতে পারবেন না ঈশান কিষান। তাঁর জায়গায় কি আরও একবার সুযোগ পাবে আগের ম্যাচে মাত্র ৪ রান করা বৈভব সূর্যবংশী? নাকি অভিষেক হবে ঝাড়খণ্ডের কুমার কুশাগ্রর?  

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker