0%

জুনিয়রদের বিশ্বকাপে ছুটছে ভারতের জয়রথ! রুদ্ধশ্বাস ম্যাচে এবার কুপোকাত বাহরিন

ভারত: ৪ (এনগাইরাংবাম, লালরেমরুয়াতফেলা ২, নিবাস)
বাহরিন: ৩ (রাশেদ, আউন ২)

জুনিয়রদের বিশ্বকাপে (FIFA U15 World Cup) ছুটছে ভারতের জয়রথ! রুদ্ধশ্বাস ম্যাচে বাহরিনকে ৪-৩ গোলে হারাল বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। ফিফা আয়োজিত প্রথম ম্যাচে লাওসের বিরুদ্ধে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে দুরন্ত ফুটবল উপহার দেয় ‘ব্লু কল্টস’। টানা দু’ম্যাচ জেতার পর গ্রানাডার বিরুদ্ধে ‘জেতা ম্যাচ’ ড্র করেছিল ভারত। সেই ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে অতীতের ভুল আর করল না ভারতের জুনিয়ররা।

বাহরিনের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করে বিবিয়ানোর ছেলেরা। ১৬ মিনিটে প্রথম গোলটি করেন ম্যাকডনিশ এনগাইরাংবাম। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান আর লালরেমরুয়াতফেলা। বিরতির সময় ২-০ গোলে এগিয়েও গিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। গোলের চেষ্টায় মরিয়া হয়ে শুরু থেকেই পালটা আক্রমণে ওঠে বাহরিন। ২৪ মিনিটে ফ্রিকিক থেকে তাদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পরের প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট। তবু বিপদ কাটেনি ভারতের। ২৮ মিনিটে রাশেদ আবদুলরহমানের গোলে ব্যবধান কমায় বাহরিন। পরের সমতায় ফেরান জিয়াদ আউন।

৩৮ মিনিটে সৌমজিৎ সরকারের ভাসানো কোণাকুণি পাস থেকে বল নিয়ন্ত্রণে এনে নিখুঁত শটে গোল করেন লালরেমরুয়াতফেলা। চলতি প্রতিযোগিতায় এটি তাঁর পঞ্চম গোল। পরের মিনিটেই বাঁ-দিক দিয়ে দুরন্ত গতিতে উঠে এসে লালরেমরুয়াতফেলা বল বাড়ান নিবাস মেইতেই ওয়াহেংবামকে। তাঁর হেড প্রথমে আটকে দেন বাহরিনের ডিফেন্ডাররা। তবে ফিরতি বলে আর ভুল করেননি নিবাস। জোরালো শটে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়িয়ে দেন ৪-২। শেষ মিনিটে দূরপাল্লার শটে বাহরিনের হয়ে ব্যবধান কমান আউন। তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি।

প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারিয়েছে ‘ব্লু কল্টস’। এরপর ক্যামেরুনও ১-২ গোলে হার মেনেছে ভারতের দৃঢ়তার সামনে। রবিবার সন্ধ্যায় গ্রানাডার বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে গিয়েও ৩ পয়েন্ট মাঠে ফেলে এসেছিল বিবিয়ানো ফার্নান্ডেজের দল। সোমবার প্রায় একই ছবির পুনরাবৃত্তি হতে হতে রক্ষা পেল ভারত। গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে ৩ পয়েন্ট তুলে নিয়ে প্রথম তিনে থাকা নিশ্চিত করল ব্লু কোল্টস। এবার লক্ষ্য শীর্ষস্থান দখল করে প্রতিযোগিতার পরবর্তী পর্ব টিয়ার ‘এ’-তে জায়গা করে নেওয়া। তার জন্য ‘আফ্রিকান জায়ান্ট’ সেনেগালের বিরুদ্ধে জয় প্রয়োজন। খেলা শুরু সোমবার রাত ন’টায়। তবে ক্যামেরুন যদি বাহরিনকে হারাতে না পারে, সেক্ষেত্রে ড্র করলেও শীর্ষে থাকবে ভারত। তাই রক্ষণের কোনও ভুলচুক হলে চলবে না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker