বোমা হুমকির মাঝেই ভক্তদের সামনে অমিতাভ! পাহারায় ছেলে অভিষেক?

চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ রয়েছে, তার উপর বাড়িতে হামলার হুমকি ঘিরে নিরাপত্তার কড়াকড়ি। এত কিছুর মধ্যেও অনুরাগীদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের নিয়মে ছেদ পড়তে দিলেন না অমিতাভ বচ্চন (amitabh bachchan)। রবিবার মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন অভিনেতা। পাশে ছিলেন পুত্র অভিষেক বচ্চন। বয়সের ভার ও সাম্প্রতিক চোট সত্ত্বেও প্রিয় তারকাকে এক ঝলক দেখতে ভিড় জমান অনুরাগীরা।
৩৪ বছরেই হার্ট অ্যাটাক! ‘বিগ বস ২০’-এ কাজির সঙ্গে বচসা, এবার আসিফের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন স্ত্রী
বহু বছর ধরে প্রতি রবিবার বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করা অমিতাভের পরিচিত রীতি। সম্প্রতি নিজের ব্লগে কয়েক দিনের বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনেই বিশ্রামের প্রয়োজন বলে উল্লেখ করেন অভিনেতা। এর আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে শুটিংয়ের সময় পা পিছলে হাঁটুতে চোট পাওয়ার কথাও জানিয়েছিলেন। সেই পরিস্থিতিতেও রবিবারের নিয়ম বজায় রাখায় সমাজমাধ্যমে তাঁর প্রশংসায় সরব হয়েছেন অনুরাগীরা। কেউ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, কেউ আবার বয়সের সঙ্গে লড়াই করেও ভক্তদের প্রতি দায়বদ্ধতার জন্য কুর্নিশ জানিয়েছেন। বাবার পাশে দাঁড়ানো অভিষেকের ভূমিকাও নজর এড়ায়নি তাঁদের।
এদিকে, নিরাপত্তার দিক থেকেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে খবর। গত ২৩ অক্টোবর মুম্বইয়ের পুরসভা কর্তৃপক্ষের কাছে একটি হুমকিবার্তা পৌঁছেছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ। সেখানে ‘স্মিথ জনসন’ নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি ৩১ অক্টোবর অমিতাভের জুহুর বাসভবনে গ্রেনেড হামলার হুমকি দেয় বলে অভিযোগ। ওই বার্তায় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের নামও উল্লেখ করা হয়েছিল। বিষয়টি ঘিরে দুই তারকাকে লক্ষ্য করে হুমকির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
‘যত বেরোনোর চেষ্টা করতাম, তত ডুবতাম’, আমির খানের চোখে জল! সাফল্যের আড়ালে কোন আক্ষেপ তাড়া করে বেড়ায় অভিনেতাকে?
পুরনো বিতর্ক
১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার পরিপ্রেক্ষিতে অমিতাভকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। কিছু শিখ সংগঠন ও ব্যক্তি তাঁর বিরুদ্ধে উসকানিমূলক ভূমিকার অভিযোগ তুলেছেন, যদিও অভিনেতা তা অস্বীকার করেছেন। গত বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এসে দিলজিতের অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করার ঘটনাও একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছিল। নানা বিতর্ক ও নিরাপত্তার উদ্বেগের মধ্যেও রবিবারের উপস্থিতি ফের প্রমাণ করল, অনুরাগীদের সঙ্গে এই সম্পর্ক অমিতাভের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।



