‘আমাকে এখন গিল-শ্রেয়সকে খুশি রেখে চলতে হয়,’ কেরিয়ার বাঁচাতে এ কী অবস্থা রোহিতের!

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে ক্রিকেটেও কি জায়গা টলমল রোহিত শর্মার? আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। সেখানে রোহিত খেলবেন কি না, প্রশ্নচিহ্ন ঝুলছে। সেই বিশ্বকাপে খেলার জন্য এখন শুভমান গিল ও শ্রেয়স আইয়ারকে ‘খুশি’ রাখতে হচ্ছে হিটম্যানকে। নিজের অনুষ্ঠানে দাঁড়িয়ে সে কথাই বললেন।
গিল এই মুহূর্তে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক। রোহিতকে আচমকা সরিয়ে দেওয়ার পর তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে শ্রেয়স আইয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক, পাশাপাশি ওয়ানডেতে সহ-অধিনায়ক। অর্থাৎ ওয়ানডেতে প্রথম একাদশে কারা খেলবেন, তা অনেকটা নির্ভর করে দুই তারকার সিদ্ধান্তের উপর।
সেই নিয়ে নিজের শো ‘ফ্যামিলি ফুল হাউসে’ রোহিতকে প্রশ্ন করা হয়, বিপদকালে কাকে ডাকবেন? তাতে তিনি বলেন, “দু’জনেই তো এখন ভারতের অধিনায়ক। গিল ওয়ানডেতে ভারতের অধিনায়ক। আর আমি চাই ২০২৭-র বিশ্বকাপ খেলতে। তাই ওকে খুশি রাখতে হয়। আর ২০২৭-র বিশ্বকাপের পর যদি আমি টি-টোয়েন্টিতে ফিরতে চাই, তাহলে শ্রেয়সকে এখন থেকে খুশি রাখতে হবে। তাই আমার দু’জনকেই প্রয়োজন।”
বোঝাই যাচ্ছে, পুরোটাই মজার ছলে। ২০২৪-এ বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান। চার বছর পর আর নিশ্চয়ই ওই ফরম্যাটে ফিরবেন না। আর ওয়ানডেতে জায়গা পাকা করার জন্য কাউকে ‘খুশি’ রাখার খেলায় নামবেন না। আসলে রোহিত ওয়ানডে দলে থাকবেন কি না, সেই নিয়ে সাম্প্রতিক সময়ে প্রচুর বিতর্ক হয়েছে। বিশেষ করে আগরকর প্রধান নির্বাচক থাকাকালীন সেই প্রশ্ন বারবার উঠেছে। এমনকী খোদ বিসিসিআই কর্তাব্যক্তিরা হস্তক্ষেপ করে বিতর্ক থামান। এখন নতুন নির্বাচক হয়েছেন প্রজ্ঞান ওঝা। যাঁর সঙ্গে রোহিতের সম্পর্ক বেশ ভালো। তাছাড়া সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন হিটম্যান। তাই সেই জল্পনা নিয়েই মন্তব্য করলেন রোহিত।
শেয়ার
লিংক



