0%

বিফলে পাড়িক্কল-নবির লড়াই, অনবদ্য কামব্যাকেও ‘অন্ধকারে’ ডুবে গেল ভারতের জয়ের স্বপ্ন

ভারতের তারকাখচিত ব্যাটিং ব্যর্থ। রান পাননি কেএল রাহুল, যশস্বী জয়সওয়ালরা। সেখান থেকে কামব্যাকের লড়াই শুরু করেন দেবদত্ত পাড়িক্কল। বোলিংয়ে পালটা দেন আকিব নবিও। তা সত্ত্বেও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দল বেসরকারি টেস্টে জিততে পারল না। জিততে দরকার ছিল মাত্র ১ উইকেট। কিন্তু সেখানে বাধ সাধল খারাপ আলো। ‘অন্ধকারে’ ম্যাচ ড্র করে দেন আম্পায়াররা।

আপাতত টি-টোয়েন্টি সিরিজের দিকেই যত নজর। তার মাঝে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারত ‘এ’ দল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১১৩ রানে অলআউট ভারত। দুই ইনিংসেই ব্যর্থ কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল। জবাবে নিউজিল্যান্ড ‘এ’ তুলেছিল ৩১৭ রান। দুই উইকেট আকাশ দীপের। ৩টি করে শিকার অংশুল কাম্বোজ ও আকিব নবির।

তবে দ্বিতীয় ইনিংসে পাড়িক্কল ও সাই সুদর্শনের জুটিতে পালটা দেয় ভারত। ২৪৮ বলে ১৯৯ রান করেন পাড়িক্কল। স্ট্রাইক রেট ৮০.২৪। ইনিংসটি সাজানো ২৪টি চার ও তিনটি ছয় দিয়ে। কিন্তু আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি ছিলেন না। আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ তর্কও করেন। বলের সঙ্গে ব্যাটের দূরত্ব অনেকটাই ছিল, এমন ইঙ্গিতও করতে দেখা যায় তাঁকে। ৯১ রান করে যোগ্য সঙ্গ দেন সাই সুদর্শনও। হাফসেঞ্চুরি করেন যশ রাঠোর ও ওয়াশিংটন সুন্দর। ৫১৬ রান তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দলের জন্য ৩১৩ রানের লক্ষ্য থাকে।

কিন্তু আকিব নবির পেসের সামনে ভেঙে পড়ে কিউয়ি ব্যাটিং। একমাত্র কার্টিস হিফি ৯০ রান করে লড়াই চালিয়ে যান। গতি ও সুইংয়ের মিশ্রণে নবি পান তিন উইকেট। তাঁদের রান যখন ৯ উইকেট হারিয়ে ছিল ১৮৭, তখন আচমকা আম্পায়ার ম্যাচ বন্ধ করে দেন। তখন দিনের ১৭ ওভার বাকি ছিল। আসলে ঠান্ডা ও ঝোড়ো হাওয়ার পর ক্রমশ আলো কমে আসতে থাকে। পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তাছাড়া ঠান্ডায় রীতিমতো কাঁপছিলেন রাহুল, যশস্বীরা। শেষমেশ দুই দলই ড্র মেনে নেয়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker