প্যারোলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, আজই জেলে ফিরতে হবে ধর্ষক আসারামকে

২০ দিনের প্যারোলে ছুটি পাওয়ার পর ফের প্যারোলে মুক্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। আবেদন ছিল, তিনি শারীরিকভাবে অসুস্থ। ফলে ছুটির মেয়াদ বাড়ানো হোক। যদিও তাঁর আবেদন মঞ্জুর করল না আদালত। শীর্ষ আদালতের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে যোধপুর জেলে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। কারণ, আজই শেষ হচ্ছে আসারামের ছুটির মেয়াদ।
গত ৬ অক্টোবর চিকিৎসাজনিত কারণে ৮৫ বছরের আসারামকে ২০ দিনের প্যারোল দিয়েছিল আদালত। এই ২০ দিন শেষ হওয়ার কথা ২৭ অক্টোবর। তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আসারাম। তাঁর আইনজীবী আদালতকে জানান, চিকিৎসার জন্য আসারামের আরও সময় প্রয়োজন। ফলে মেয়াদ বাড়ানো হোক প্যারোলের। বর্তমানে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত এক সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে আসারামের সেই আবেদন খারিজ করে দেয় আদালত। জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জেলে আত্মসমর্পণ করতে হবে আসারামকে।
উল্লেখ্য, ২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। এর পর ২০১৩ সালের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২০১৮ সালে রাজস্থান হাই কোর্টের যোধপুর বেঞ্চ ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করে। তার পর থেকে যোধপুরেই জেলবন্দি রয়েছেন ৯০ বছরের আসারাম। এই মামলায় আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয় স্বঘোষিত এই ধর্মগুরুকে।
শেয়ার
লিংক



