একদিনে জোড়া এনকাউন্টার! গাইঘাটার পর ধুলিয়ান, নিহত খুনের মামলায় ধৃত

SOBDIK NEWS: মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যের দুই জেলায় পুলিশের গুলিতে দুই অভিযুক্তের মৃত্যুর খবর সামনে এল। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনের মামলার এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর এবার মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ানেও এনকাউন্টারের ঘটনা ঘটল।
এবার মুর্শিদাবাদে (Murshidabad) এনকাউন্টার
সামশেরগঞ্জের সুজিত মণ্ডল হত্যাকাণ্ডে ধৃত সামাউন শেখের মৃত্যু হয়েছে পুলিশের পাল্টা গুলিতে। তদন্তের কাজে তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রসঙ্গত, সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকায় সুজিত মণ্ডলকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে ধৃত সামাউন শেখকে মঙ্গলবার সেখানে নিয়ে যায় তদন্তকারী দল। উদ্দেশ্য ছিল, কীভাবে অপরাধটি ঘটেছিল, তা পুনর্নির্মাণের মাধ্যমে বোঝা। কিন্তু পুলিশের দাবি, এই প্রক্রিয়া চলার সময় আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেন সামাউন। এরপর পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে জখম হন সামাউন। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। পুনর্নির্মাণের কাজে ইনস্পেক্টর অক্ষয় পাল এবং ইনস্পেক্টর খালেকুজ্জামান-সহ তদন্তকারী দলের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, “খুনের ঘটনার তদন্ত করছিল রাজ্য সিআইডি। আজ (মঙ্গলবার) ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই সময় গুলি চলার ঘটনা ঘটে। তার পর অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।”
উল্লেখ্য, সুজিত মণ্ডলের নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে গত ২৮ অগস্ট। সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকার বাসিন্দা সুজিতের খোঁজ না মেলায় উদ্বেগ তৈরি হয়েছিল। পরে তাঁর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হয়। ঘটনাটির নৃশংসতা নিয়ে রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়। ধুলিয়ানে বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পশুর মাংস কাটার ছুরি দিয়ে সুজিতকে খুন করা হয়েছিল।

আরও পড়ুন : ‘তুমি এর যোগ্য’, বন্ধু হ্যারি কেন ব্যালন ডি’অর জেতায় বিশেষ বার্তা বিরাট কোহলির, উচ্ছ্বসিত অনুরাগীরা
এই মামলায় সামিউল শেখ, তাজকিরা বিবি এবং জনি শেখকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের যথাযথ শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের ঘটনার কয়েক ঘণ্টা আগেই উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক যুবকের মৃত্যু হয় পুলিশের গুলিতে। একই দিনে দুই জেলায় দুই অভিযুক্তের মৃত্যু হওয়ায় ঘটনাগুলি ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে পুলিশের দাবি অনুযায়ী, দুই ক্ষেত্রেই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছিল।




