0%

১৩-০! এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। পড়শি দেশের বিরুদ্ধে ১৩-০ গোলে জিতলেন মনদীপ সিংরা। হাটট্রিক করলেন মনদীপ। দু’টি করে গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত, হার্দিক সিং এবং দিলপ্রীত সিং।

মঙ্গলবার জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে একেবারে ম্যাচের শুরু থেকে দাপট দেখায় ভারত। শুরু থেকেই একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণ ফালাফালা করে দেয় ভারতীয় দল। ম্যাচের একেবারে দ্বিতীয় মিনিটেই ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। পরের মিনিটেই ফের গোল। এবার মনদীপ। ভারতের তৃতীয় গোলটি আসে মিনিট দশেকে মনদীপ সিংয়ের স্টিক থেকে। প্রথম কোয়ার্টার শুরুর ঠিক আগে আগে ভারতের চতুর্থ গোলটি আসে শিলানন্দ লাকরার স্টিক থেকে। হাফ টাইমের আগে আরও দু’টি গোল পায় মেন ইন ব্লু। একটি করেন অভিষেক অপরটি নীলকান্ত।

তৃতীয় কোয়ার্টারও একই রকমভাবে আক্রমণের ঝাঁজ বজায় রাখে ভারতীয় দল। শেষ পর্যন্ত ১৩ গোল করে ভারতীয় দল। তাৎপর্যপূর্ণভাবে এদিন পেনাল্টি কর্নারের থেকে গ্রাউন্ড গোল বেশি করেছে ভারত। বাংলাদেশ মাঝে মাঝে আক্রমণ করার চেষ্টা করলেও সেভাবে তাঁদের আক্রমণ দানা বাঁধেনি।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত পাঁচবার এই প্রতিযোগিতার খেতাব জিতেছে ভারতীয় দল। ২০১১, ২০১৬, ২০১৮, ২০২৩ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। এবারও ঘরের মাঠে খেতাবজয়ের অন্যতম দাবিদার ভারতীয় দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সেটাই স্পষ্ট করে দিল টিম ইন্ডিয়া।

পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছ’টি দল—ভারত, বাংলাদেশ, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ চলবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার লিগ পর্বের সব ম্যাচ হবে জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। এরপর ৪ নভেম্বর সেমিফাইনাল এবং ৫ নভেম্বর পদক নির্ধারণী ম্যাচ হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker