রেশন ভাতার পর বাড়ল পুলিশকর্মীদের খাবার ভাতা! নির্দেশিকা জারি রাজ্যের

SOBDIK NEWS: পুজোর আগেই রাজ্যের পুলিশকর্মীদের রেশন ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার (Government of West Bengal)। এবার পুলিশকর্মীদের খাবারের নগদ ভাতা (Food Allowance) একধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হল। দুর্গাপুজো ও বিসর্জনের ডিউটিতে থাকা পুলিশকর্মীরা এই সুবিধা পাবেন।
পুলিশকর্মীরা কত টাকা খাবার ভাতা পাবেন? | (Food Allowance)
পুজোর সময় যখন সবাই আনন্দে মত্ত থাকেন, তখন ডিউটিতে ব্যস্ত থাকেন পুলিশকর্মীরা। পুজো থেকে শুরু করে বিসর্জন অবধি তাঁরা একটানা অক্লান্ত পরিশ্রম করেন। এবার পুজো ও বিসর্জনের ডিউটি করা কলকাতা পুলিশের কর্মীদের খাবারের নগদ ভাতা বাড়াল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ নজরে বেআইনি নির্মাণ ও কর আদায়! রাজ্যের ১৬টি পুরসভায় বিশেষ অডিটে নামছে ক্যাগ
রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, পুজো ও বিসর্জনের ডিউটিতে রান্না করা খাবারের বদলে যে নগদ টাকা দেওয়া হত, সেই পরিমাণে বদল আনা হয়েছে। আগে ৮ ঘণ্টার বেশি তবে ১২ ঘণ্টার কম একটানা ডিউটি করলে মাথাপিছু মাত্র ৪০ টাকা খাবারের নগদ ভাতা দেওয়া হত। এবার তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।
পাশাপাশি ১২ ঘণ্টার বেশি সময় ধরে ডিউটি করলে আগে মাথাপিছু ৮০ টাকা দিত রাজ্য সরকার। এবার তা বাড়িয়ে ২০০ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগের থেকে দ্বিগুণেরও বেশি ভাতা পাবেন পুলিশকর্মীরা।

রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, পুজো ও বিসর্জনের সময় রাস্তায় নেমে ডিউটি করা কলকাতা পুলিশের কনস্টেবল থেকে অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অবধি সকল কর্মী ও আধিকারিক নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই বর্ধিত নগদ ভাতার সুবিধা পাবেন। তবে এই বর্ধিত হার শুধুমাত্র পুজো ও বিসর্জনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য অনুষ্ঠান বা সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে ২০১৭ সালের মূল নির্দেশিকার শর্ত ও নিয়মাবলী এক থাকবে।
গত অগাস্ট মাসে রাজ্যের পুলিশকর্মীদের রেশন ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দুর্গাপুজো ও বিসর্জনের ডিউটিতে থাকা পুলিশকর্মীদের খাবারের নগদ ভাতা বাড়ানো হল। শীঘ্রই এই বর্ধিত ভাতার টাকা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মনে করা হচ্ছে।




