0%

সিটের জন্য TTE ‘ঘুষ’ চাইছেন? এমন হলে আপনি কী করবেন? রেলের নিয়ম জেনে রাখুন

নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বড় ও ব্যস্ত রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতকে জুড়েছে রেলওয়ে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। অনেকের কাছেই যেমন বৈধ টিকিট থাকে, তেমনই আবার এমন কিছু যাত্রীও রয়েছেন যারা বিনা টিকিটেই উঠে পড়েন ট্রেনে। আবার এমন ভুরি ভুরি অভিযোগও রয়েছে যে টিটিই (TTE) যাত্রীদের কাছ থেকে টাকা চেয়েছেন। আপনিও যদি এমন পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে কী করবেন?

টিকিট পরীক্ষক বা টিটিই-দের কাজ হয় যাত্রীদের টিকিট পরীক্ষা করা এবং সকলে যেন নিজেদের নির্দিষ্ট সিটে বসেন, তা নিশ্চিত করা। সিট বা ট্রেনের অন্য কোনও পরিষেবা নিয়ে সমস্য়ায় পড়লে, তা সমাধান করার দায়িত্বও টিটিই-র। তবে অনেক সময়ই শোনা যায় যে যাত্রীদের সিট দেওয়ার জন্য বা টিকিট ইস্যু করতে অতিরিক্ত টাকা নিচ্ছেন টিটিই। এটি ভারতীয় রেলওয়ের নিয়ম বিরুদ্ধ।

নিয়ম অনুযায়ী, টিটিই কোনওভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা বা ঘুষ চাইতে পারেন না। যদি কোনও সিট ফাঁকা থাকে, তাহলে রেলের নিয়ম অনুযায়ীই সিট দিতে হবে আরএসি টিকিট থাকা যাত্রীদের। এর জন্য অতিরিক্ত কোনও টাকা চাইতে পারেন না।

টিটিই টাকা চাইলে কী করবেন?

যদি ট্রেনে সফর করার সময় টিটিই সিট দেওয়ার জন্য বা টিকিট ইস্যু করতে অতিরিক্ত টাকা চান, তাহলে প্রথমেই টিটিই-র নাম ও ব্যাজ নম্বর নোট করে  নিন। সম্ভব হলে টিটিই-র ঘুষ চাওয়ার ভিডিয়োও রেকর্ড করে রাখুন প্রমাণ হিসাবে। এবার রেলে অভিযোগ জানান।

কীভাবে অভিযোগ জানাবেন? 

একাধিক পদ্ধতিতে ভারতীয় রেলওয়ের কাছে অভিযোগ জানাতে পারেন যাত্রীরা। অনলাইনে অভিযোগ জানাতে চাইলে রেল মদদ (Rail Madad) অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। এছাড়া ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও অভিযোগ জানাতে পারেন। যদি অনলাইনে অভিযোগ জানাতে না পারেন, তাহলে রেলওয়ের হেল্পলাইন নম্বর ১৮২-তে ফোন করে অভিযোগ জানাতে পারেন। যদি আপনার অভিযোগ সত্য প্রমাণ হয়, তবে ওই টিটিই-র বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker