0%

১ জুলাই থেকেই বাংলায় চালু ‘ভিবি জি রাম জি’ প্রকল্প, বিজ্ঞপ্তি জারি রাজ্যের

সবদিক নিউজ: সারা দেশের সঙ্গে ১ জুলাই, বুধবার থেকেই বাংলাতেও চালু হচ্ছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’ বা বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই প্রকল্প চালুর কথা জানানো হয়েছে। মনরেগা বা মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইনের পরিবর্তে কেন্দ্র এনেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), সংক্ষেপে VB-G RAM-G বা ‘জি রাম জি’ প্রকল্প। নতুন প্রস্তাবিত ব্যবস্থায় কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার কথা বলা হয়েছে। তবে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে।

বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও জানুয়ারি মাসে সংসদে এই বিল পাশ হয়। সেই সময় এই বিলের বিরোধিতায় সরব ছিল রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল। তবে রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসায় এই আইন কার্যকর করার পথে আর কোনও বাধা নেই বলে প্রশাসনিক মহলের দাবি। মঙ্গলবার পঞ্চায়েত দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ১ জুলাই থেকে জি রাম জি প্রকল্প চালু হবে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ২.৫৬ কোটি জব কার্ডধারী উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী, প্রকল্পের মোট খরচের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার এবং ৪০ শতাংশ দেবে রাজ্য। প্রথম অর্থবর্ষে এই প্রকল্পে কেন্দ্র ব্যয় করবে ৮,৫০৮ কোটি টাকা। রাজ্যের খরচ হবে ৫,৬৭২ কোটি টাকা। সব মিলিয়ে জি রাম জি প্রকল্পে ১৪ হাজার কোটিরও বেশি টাকা ব্যয় করা হবে বলে জানা গিয়েছে।

প্রকল্পের মোট বরাদ্দের ৬০ শতাংশ খরচ হবে কর্মীদের মজুরি দিতে। বাকি অর্থ ব্যবহার করা হবে কাজের উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় খাতে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, নতুন প্রকল্প চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের এই প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতে নথি ও পরিচয় যাচাই বাধ্যতামূলক। তাই এসআইআর-এর চূড়ান্ত তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের ক্ষেত্রে প্রকল্পের সুবিধা দেওয়া সম্ভব হবে না। সরকারি সূত্রে জানা গিয়েছে, এসআইআর তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষ আপাতত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। অন্যদিকে মনরেগার বকেয়া অর্থ নিয়েও কেন্দ্রের তরফে ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছে বলে সোমবারই জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker