0%

উত্তর বারাকপুরে তৃণমূলের গণ-ইস্তফা! ১৫ জন কাউন্সিলর পদ ছাড়তেই ঘোর সংকটে পুরবোর্ড

সবদিক নিউজ: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ১৫ বছরের তৃণমূল সরকারের পতনের পর, এবার রাজ্যের পুরসভাগুলি ধরে রাখা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ল ঘাসফুল শিবির। নির্বাচন মিটতেই কাঁচরাপাড়া, হালিশহর, ভাটপাড়া, গারুলিয়ার মতো একের পর এক পুরসভায় দলীয় কাউন্সিলরদের গণ-ইস্তফার হিড়িক লেগেছে। সেই তালিকায় এবার যুক্ত হল উত্তর বারাকপুর পুরসভাও। সোমবার সকালে এই পুরসভার ১৫ জন তৃণমূল কাউন্সিলর একযোগে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধানসভা নির্বাচনে পুর এলাকায় দলের শোচনীয় পরাজয়ের দায় স্বীকার করে খোদ পুরপ্রধানও পদত্যাগ করেছেন। একসঙ্গে এত সংখ্যক পুরপ্রতিনিধির ইস্তফায় উত্তর বারাকপুর পুরসভায় এক নজিরবিহীন প্রশাসনিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

২৩টি ওয়ার্ডের পুরবোর্ডে কার্যত তালা ঝুলল!

রাজনৈতিক মহল মনে করছে, এই গণ-ইস্তফার ফলে উত্তর বারাকপুর পুরবোর্ডটি কার্যত ভেঙে পড়ার মুখে। উল্লেখ্য, এই পুরসভাটি মোট ২৩টি ওয়ার্ড নিয়ে গঠিত। এর মধ্যে ইতিমধ্যেই ৩ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। ফলে কার্যকর কাউন্সিলরদের মধ্যে ১৫ জনই আজ একসঙ্গে ইস্তফা দেওয়ায় পুরবোর্ডের রাশ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে তৃণমূল। বিরোধীদের দাবি, গত কয়েক বছর ধরে পুর এলাকায় লাগাতার গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাধারণ মানুষের থেকে দূরত্ব তৈরি হওয়ার কারণেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশের দাবি, পরাজয়ের পর সংগঠনকে নতুনভাবে এবং স্বচ্ছ ভাবমূর্তিতে গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অশনি সংকেত পুরসভাগুলিতে, কালীঘাটে মেগা বৈঠক

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আইনত পুরসভাগুলি এখনও তৃণমূলের দখলে থাকলেও, কাউন্সিলরদের দল ছাড়ার হিড়িকে সর্বত্রই বোর্ডগুলির টালমাটাল অবস্থা। একে একে পুরবোর্ড হাতছাড়া হওয়াকে দলের জন্য বড় ‘অশনি সংকেত’ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই ডামাডোল সামাল দিতে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে গত সপ্তাহেই কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কর্মীদের ‘মাটি আঁকড়ে’ পড়ে থাকার কড়া বার্তা দেন।

সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজ, সোমবার বিকেলে কালীঘাটের বাসভবনে উত্তর শহরতলির ৪টি গুরুত্বপূর্ণ পুরসভা, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরাহনগর এবং বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের এক জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মেগা বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগেই উত্তর বারাকপুর পুরসভায় এমন বড়সড় ভাঙনের ঘটনা নবান্নের অলিন্দ থেকে কালীঘাট, সব মহলেই তৃণমূল নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker