Music artist files fir against Udayan Guha

এবার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ভাওইয়া এক সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মন স্থানীয় মাথাভাঙা থানায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মণীন্দ্র জানিয়েছেন, তৃণমূলের আমলের বিভিন্ন দুর্নীতি নিয়ে গান বেঁধেছিলেন। সেই ‘অপরাধে’ তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকেই আতঙ্কিত ছিলেন ওই সঙ্গীতশিল্পী। রাজ্যে পালাবদল ঘটতেই শুক্রবার রাতে উদয়ন গুহের (Udayan Guha) বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ জানান মণীন্দ্রনাথ বর্মন।
শুক্রবার রাতে মণীন্দ্রনাথ আইনজীবীকে নিয়ে মাথাভাঙা থানায় যান। পুলিশে লিখিত অভিযোগে জানিয়েছেন, ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে গান বেঁধেছিলেন তিনি। তাতেই মন্ত্রী উদয়নের রোষে পড়েন তিনি। দেওয়া হয় খুনের হুমকি। পিছনে গুন্ডা লাগানো হয়েছিল বলেও তাঁর অভিযোগ। প্রাণনাশের আশঙ্কায় তিনি দীর্ঘদিন বাড়ি ছেড়ে লুকিয়ে ছিলেন।
শনিবার মণীন্দ্রনাথবাবু বলেন, “তৎকালীন সরকারের আমলে তৃণমূলের দুর্নীতি নিয়ে গান গেয়েছিলাম। তাতেই উদয়ন প্রাণনাশের হুমকি দেয়। আমি পালিয়ে বেড়িয়েছি। আমার পিছনে দুষ্কৃতীদের লেলিয়ে দেওয়া হয়েছিল। তখন থানায় জানাতে পারিনি। এখন জানালাম।” এই অভিযোগের প্রতিক্রিয়া জানতে প্রাক্তনমন্ত্রী উদয়নকে ফোন করা হলে কোনও উত্তর মেলেনি।
শেয়ার
লিংক



