বউমাকে রাস্তায় ফেলে মারধরে গ্রেফতার, গাইঘাটার তৃণমূল নেত্রী ঘোমটা দিয়ে রুখতে পারলেন না ডিম-থেরাপি

আত্মজিৎ চক্রবর্তী, বনগাঁ: তোলাবাজি আর দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগের পর, এবার তৃণমূলের এক মহিলা নেত্রীর বিরুদ্ধে উঠল পণের দাবিতে পুত্রবধূকে নৃশংস অত্যাচারের অভিযোগ। উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির দাপুটে সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেত্রী ইলা বাগচীকে রবিবার সকালে গ্রেফতার করল পুলিশ। ঠাকুরনগরের বাবুপাড়ার নিজস্ব বাসস্থান থেকে গাইঘাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও এই হেভিওয়েট নেত্রীর দাবি, রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
এদিকে ইলা বাগচীর গ্রেফতারির খবর চাউর হতেই ঠাকুরনগরে উপচে পড়ে আমজনতার ভিড়। রবিবার সকালে যখন পুলিশ তাঁকে লক-আপে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলছিল, তখন স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ধৃত নেত্রীকে লক্ষ্য করে চারদিক থেকে আছড়ে পড়ে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, উত্তেজিত জনতা ইলা বাগচীকে লক্ষ্য করে দেদার ডিম ছুড়তে শুরু করে। এমনকি ভিড়ের মধ্য থেকে এক ক্ষুব্ধ মহিলা নেত্রীকে সজোরে চড় মারতেও তেড়ে যান। শেষমেশ পুলিশি প্রহরায় বিক্ষোভকারীদের সরিয়ে কোনোমতে তাঁকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে আসা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালে ইলা দেবীর পুত্র রাহুল বাগচীর সঙ্গে ভালবেসে বিয়ে হয়েছিল স্থানীয় শিমুলপুরের বাসিন্দা অর্পিতা বিশ্বাসের। কিন্তু বিয়ের বছরখানেক পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে তীব্র অশান্তি শুরু হয়। অর্পিতার অভিযোগ, তাঁর স্বামী রাহুল প্রতি রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাঁকে অকথ্য মারধর করতেন। আর এই নারকীয় অত্যাচারে পূর্ণ ইন্ধন জোগাতেন শাশুড়ি ইলা বাগচী। পণের জন্য লাগাতার চাপ সৃষ্টি করে পুত্রবধূকে ইলা দেবী নাকি বলতেন, “আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার ক্ষমতা অনেক। তুই আমার কিচ্ছু করতে পারবি না।”
অর্পিতা আরও অভিযোগ করেছেন, গত ১৫ জুন ষষ্ঠীতলা এলাকায় একা পেয়ে তাঁর ওপর দলবল নিয়ে চড়াও হন ইলা বাগচী। রাস্তায় ফেলে তাঁকে ব্যাপক মারধর করা হয়। এই ঘটনার পর গত ১৮ জুন গাইঘাটা থানায় শাশুড়ি ইলা বাগচী, শ্বশুর পিনাকী বাগচী এবং স্বামী রাহুলের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করেন অর্পিতা। সেই অভিযোগের ভিত্তিতেই আজ সকালে পুলিশ এই পদক্ষেপ নেয়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই গাইঘাটার রাজনীতিতে ইলা বাগচীর রকেট গতিতে উত্থান হয়েছিল।



