৫ থেকে ১৮ বছরের প্রতিভাবান শিশুদের জন্য বড় সুযোগ, শুরু হল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভাবান শিশুদের সম্মান জানাতে আবারও শুরু হল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৬ (PM Rashtriya Bal Puraskar 2026)-এর জন্য আবেদন প্রক্রিয়া। খেলাধুলা, বিজ্ঞান, সমাজসেবা, শিল্প-সংস্কৃতি কিংবা সাহসিকতার মতো বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কাজ করা ৫ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোররা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সুযোগ থাকবে।
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের (PM Rashtriya Bal Puraskar 2026) জন্য আবেদন শুরু
প্রতি বছরের মতো এবারও কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৬ (PM Rashtriya Bal Puraskar 2026)-এর জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। দেশের এমন শিশুদের এই সম্মান দেওয়া হয়, যারা অল্প বয়সেই নিজেদের প্রতিভা ও কাজের মাধ্যমে অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠেছে।
এটি শিশুদের জন্য দেশের অন্যতম বড় জাতীয় সম্মান (PM Rashtriya Bal Puraskar 2026)। নির্বাচিতদের হাতে বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেন। মোট ছয়টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। সেগুলি হল বীরত্ব, সমাজসেবা, পরিবেশ, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি।
বীরত্ব বিভাগে সেইসব শিশুদের বেছে নেওয়া হয়, যারা বিপদের সময় অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে বা অন্যের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।সমাজসেবা বিভাগে নারী, শিশু বা সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য কাজ করা এবং অন্যদের অনুপ্রাণিত করা শিশুদের গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ বিভাগে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখা শিশুদের সম্মানিত করা হয়।
খেলাধুলা বিভাগে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক সাফল্য পাওয়া ক্রীড়াবিদরা সুযোগ পায়। অন্যদিকে গান, নাচ, ছবি আঁকা বা সংস্কৃতির অন্য কোনও ক্ষেত্রে কৃতিত্ব দেখালে শিল্প ও সংস্কৃতি বিভাগে পুরস্কার পাওয়া যেতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে এমন শিশুদের বেছে নেওয়া হয়, যারা নতুন কোনও উদ্ভাবন বা আবিষ্কারের মাধ্যমে মানুষের উপকারে এসেছে বা কোনও সমস্যার সমাধানের পথ দেখিয়েছে।
প্রতি বছর ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’-এ এই পুরস্কার (PM Rashtriya Bal Puraskar 2026) প্রদান করা হয়। গুরু গোবিন্দ সিংয়ের সাহিবজাদাদের সাহস ও আত্মত্যাগের স্মরণে দিনটি পালন করা হয়।
আবেদনের জন্য কয়েকটি শর্ত রয়েছে। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে এবং ৩১ জুলাই ২০২৬ অনুযায়ী বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে থাকতে হবে। আগে এই পুরস্কার পাওয়া থাকলে আবার আবেদন করা যাবে না। যে কাজ বা কৃতিত্বের ভিত্তিতে আবেদন করা হবে, তা সাধারণত গত দুই বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বিশেষ পরিস্থিতি ছাড়া মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয় না।

আরও পড়ুনঃ ‘একটাকেও বাঁচতে দেবেন না’, কুণালের আবেদনের পরেই ঋতব্রত-সন্দীপনদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস শুভেন্দুর
একজন আবেদনকারী একাধিক বিভাগের জন্য মনোনয়ন জমা দিতে পারলেও শেষ পর্যন্ত বাছাই কমিটি যে কোনও একটি বিভাগেই আবেদন বিবেচনা করবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন (PM Rashtriya Bal Puraskar 2026) করা যাবে।





