গুরুতর অসুস্থ জগদীপ ধনকড়, জয়পুরের হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি

সবদিক নিউজ: গুরুতর অসুস্থ বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁকে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্রোগজনিত সমস্যার কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রয়োজন হলে আজই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে ধনকড়কে হাসপাতালে আনা হয়। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা চিহ্নিত করেন। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে মত দেন চিকিৎসকেরা। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে।
আপাতত চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ড. সমীন শর্মার তত্ত্বাবধানে ধনকড়ের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। শুক্রবারই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। জগদীপ ধনকড়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক রাজনৈতিক নেতা। সমাজমাধ্যমে গেহলট লেখেন, জয়পুরের ইএইচসিসি হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁর কুশল জেনেছেন তিনি। আমেরিকা থেকে আসা চিকিৎসক ড. সমীন শর্মার অধীনে তাঁর চিকিৎসা চলছে এবং আজ তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা। ধনকড়ের দ্রুত আরোগ্যও কামনা করেন গেহলট।
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। এরপর তিনি দেশের উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব নেন। ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। সেই সিদ্ধান্তে দেশজুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল। তখন ধনকড় জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদ ছাড়ছেন। এরপর জাতীয় রাজনীতির মঞ্চে তাঁকে খুব বেশি সক্রিয় দেখা যায়নি। সেই আবহেই এবার তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে রাজনৈতিক মহলে।



