0%

এবার সঞ্চালকের ভূমিকায় ইমন, কোন নন-ফিকশনে দেখা যাবে তাঁকে?

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীকে বেশ কিছু ভূমিকায় দেখা গিয়েছে এত দিন। নিয়মিত গান গাওয়ার পাশাপাশি তিনি অভিনয় করেছেন। রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে পাওয়া গিয়েছে ইমনকে। কিছু মিউজিক ভিডিয়োতে ইমন নেচে বুঝিয়ে দিয়েছেন, সেটিও তাঁর বেশ রপ্ত রয়েছে। একটি ফ্যাশন শো-এর মঞ্চে প্রথমবার হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন গায়িকা এই বছর। এবার নন-ফিকশনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে গায়িকাকে। তবে ইমনকে যোগাযোগ করা হলেও, এই বিষয়ে কিছু ভাঙতে চাইলেন না।

তবে টলিপাড়ায় চর্চা, এক নামী ওটিটি প্ল্যাটফর্মের জন্য বেশ অন্যধারার নন-ফিকশনেই ইমনকে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে। বিষয়টা এত দিন টলিপাড়ায় কারও নজরে আসেনি। তবে শুক্রবার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটা ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে। যা দেখে বোঝা যায়, শুটিংয়ে ফিরেছেন সায়ন্তিকা।

তারপর খোঁজ নিয়ে জানা গেল, নন-ফিকশনে অতিথি হিসাবে থাকবেন সায়ন্তিকা। কিন্তু ইমন আর সায়ন্তিকা কেন মুখোমুখি, কী ধরনের নন-ফিকশন হতে চলেছে, এই ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির জন্য গান গেয়েছেন ইমন। সেই ছবি মুক্তি পাওয়ার পর দর্শকদের সঙ্গে দেখা করতে সিনেমা হলে পৌঁছে গিয়েছিলেন গায়িকা।

বিধানসভা নির্বাচনের মরসুমে চর্চায় ছিলেন ইমন। তাঁর কাছে বিধানসভা নির্বাচনে ভোটে লড়ার প্রস্তাব ছিল সবুজ শিবিরের তরফে। তবে সেই প্রস্তাব ফিরিয়েছিলেন গায়িকা। ভোটের প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। এই মুহূর্তে ইমন ব্যস্ত রয়েছেন, দর্শকদের নতুন গান উপহার দেওয়ার কাজে। পাশাপাশি সঞ্চালকের ভূমিকায় তাঁকে কেমন লাগে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker