Swasthya Bima Yojana:

বাংলা হান্ট ডেস্ক: প্রাক্তন রাজ্য সরকারের আমলে রাজ্যজুড়ে ‘স্বাস্থ্যসাথী কার্ড’ (Swasthya Sathi) চালু থাকলেও কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় স্বাস্থ্যবীমা ‘আয়ুষ্মান ভারত’-এর (Ayushman Bharat) সুযোগ সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত থেকেছেন রাজ্যবাসী। তবে পালাবদলের পর এবার বাংলায় চালু হতে চলেছে নতুন প্রকল্প, ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’ (CM Swasthya Bima Yojana)। আগামী দিনে এই প্রকল্পের আওতায় মাথাপিছু মোট ৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা পাবেন রাজ্যের মানুষজন।
প্রসঙ্গত উত্তরবঙ্গ সফরে গিয়ে এই নতুন স্বাস্থ্যবীমা প্রসঙ্গে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন আয়ুষ্মান ভারতের মতোই এই নতুন স্বাস্থ্যবীমাতেও ৫ লক্ষ টাকার ক্যাশলেশ চিকিৎসা পাবেন বাংলার মানুষ। একইসাথে তিনি জানান দেশের যে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান কার্ডের পরিষেবা পাওয়া যায় সেই একই হাসপাতালে এই কার্ডের পরিষেবা পাওয়া যাবে।
পারিবারিক এই স্বাস্থ্যবীমাকে স্বাগত জানিয়ে প্রসঙ্গে আজ সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেছেন, ‘সরকার ভেবে চিন্তেই করছেন সব। অনেকেই হয়তো তার আওতায় আসছিলেন না, বা তাঁদের নাম আসেনি। সেইসব লোকদের আগে তো স্বাস্থ্যসাথী ছিলই, যদিও শুধু কার্ডটাই ছিল তাদের কাজ হত না কিছুই। বহু হাসপাতালে গেলেই বলত বিল বাকি আমরা ভর্তি নেব না।’
আরও পড়ুনঃ মরেও শান্তি নেই! KMC এলাকায় বন্ধ মৃত্যুর শংসাপত্র দেওয়া, বিপাকে শতাধিক পরিবার
একইসাথে কেন্দ্রের স্বাস্থ্য বীমার কথা উল্লেখ করে দিলীপ বাবু বললেন, ‘ আমরা আগেও বলেছি, দুটোই দিক। কেন্দ্রীয় সরকার দিচ্ছে যখন কেন নেব না আমরা? সাধারণ মানুষের জন্য দিচ্ছে সাধারণ মানুষের টাকায়। সমস্ত প্রকল্পের লাভ আমরা নিয়েছি। বাকি যারা বঞ্চিত হবেন রাজ্য সরকার তাদের সঙ্গে আছেন তাদের সব রকম সাহায্য করা হবে।’
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাল ডাক্তারি সার্টিফিকেট দেওয়ার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, ‘এই যে, যেকোনো ভাবে অপরাধ থেকে বাঁচার চেষ্টা করা হচ্ছে এবং তাতে যারা সহযোগীতা করছেন, ডাক্তারের মতো লোকেরা তাঁদেরও সাবধান থাকা উচিত। কেন এই চক্রান্তের মধ্যে তারা পা দিচ্ছেন? তারা ভয়ে বা বিশেষ পরিস্থিতিতে হয়ত দিয়েছন। কিন্তু অন্যায় করলে তো তার সাজা পেতে হবে। এনকোয়ারি হবে সব।’




