এবার জনগণনায় বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও! পুরনো নিয়ম সংশোধন কেন্দ্রের

এতদিন শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই জনগণনার কাজ করতেন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ ছিল তাঁদেরই। তবে এবার সেই নিয়মে গুরুত্বপূর্ণ বদল কেন্দ্রের। শুক্রবার জনগণনার কাজের নিয়ম সংশোধন করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, জনগণনায় কাজে এবার নামানো যেতে পারে বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদেরও।
১৯৯০ সালের জনগণনা নিয়মে উল্লেখ রয়েছে, কারা সেন্সাসে কাজ করতে পারবেন। সেই বিধি কিছুটা সংশোধন করে নতুন নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের সংশোধিত নিয়মে বলা হয়েছে, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জনগণনার কাজে এবার বেসরকারি স্কুলের শিক্ষকদের নিয়োগ করা যেতে পারে। আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আগের বিজ্ঞপ্তিতে বলা ছিল, জনগণনার কাজে শুধুমাত্র শিক্ষক, ক্লার্ক বা যে কোনও আধিকারিককে নিয়োগ করা যাবে। তবে সংশোধিত বিজ্ঞপ্তিতে নিয়োগের পরিধি আরও বাড়ানো হয়েছে। নতুন নিয়মে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি সংস্থা, ব্যাঙ্ক, প্রতিষ্ঠান, সমিতি বা ট্রাস্ট থেকে শিক্ষককে গণনার কাজে নিয়োগ করা যাবে।
সম্প্রতি বেসরকারি স্কুলের শিক্ষকদের নিয়োগ করার বিষয় চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের হয়েছিল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে। । গত ৮ অক্টোবর ওই হাই কোর্টের বিচারপতি হরিয়ানা সরকারের দু’টি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করেন। আবেদনকারীর যুক্তি ছিল, ১৯৪৮ সালের জনগণনা আইন বা তার অধীনে বেসরকারি স্কুলের শিক্ষকদের নিয়োগ করার কোনও আইনি অধিকার নেই সরকারের। সেই আবহেই এই নির্দেশিকার জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।
শেয়ার
লিংক



