0%

Vijay: ছবি আটকে, ব্যক্তিগত জীবনেও টানাপড়েন! বিজয়ের বিরুদ্ধে আদালতে স্ত্রী

তামিল তারকা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির (Vijay) ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম (Sangeetha) চেঙ্গালপাট্টু জেলা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে সূত্রের খবর। 

আদালতে দায়ের করা পিটিশনে সঙ্গীতা জানিয়েছেন, ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ২৭(১)(এ), (বি) ও (ডি) ধারার সঙ্গে ৩৬ এবং ৩৭ ধারার আওতায় তিনি এই মামলা করেছেন। তাঁর দাবি, দীর্ঘদিনের দাম্পত্যে এখন আর কোনও বাস্তব সম্পর্ক নেই। বিয়ে কেবল কাগজে-কলমে টিকে আছে।

পিটিশন অনুযায়ী, তাঁদের বিয়ে প্রথমে ১৯৯৮ সালের ১০ জুলাই যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রি করা হয়। পরে ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ের এগমোরে রাজা মুথাইয়া মন্দ্রমে হিন্দু রীতি মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

সঙ্গীতা আদালতে জানিয়েছেন, বিয়ের প্রথম কয়েক বছর তাঁদের সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সংসার ও দুই সন্তানের দেখাশোনাতেই তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন। তবে ২০২১ সালের এপ্রিল মাসে তিনি জানতে পারেন, বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এই ঘটনা তাঁকে গভীর মানসিক আঘাত দিয়েছে এবং দাম্পত্য বিশ্বাস ভেঙে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পিটিশনে আরও দাবি করা হয়েছে, বিজয় শুরুতে সেই সম্পর্ক শেষ করার আশ্বাস দিলেও তা অব্যাহত থাকে। এর ফলে সঙ্গীতা মানসিক নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতপূর্ণ পোস্টের কারণে জনসমক্ষে অপমান এবং মানসিক অবহেলার শিকার হয়েছেন।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি এবং আবার ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইনজীবী ও ব্যক্তিগত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে সঙ্গীতা আদালতের কাছে বিবাহবিচ্ছেদের ডিক্রি, বিজয়ের আয় ও সামাজিক অবস্থানের ভিত্তিতে স্থায়ী ভরণপোষণ।  মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নীলাঙ্কারাইয়ের বৈবাহিক বাড়িতে থাকার অধিকার অথবা সমমানের বাসস্থানের ব্যবস্থা এবং পুরো মামলাটি ইন-ক্যামেরা শুনানির আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে শ্রীলঙ্কান তামিল সঙ্গীতাকে বিয়ে করেন বিজয়, তখনও তিনি তামিল সিনেমার শীর্ষ তারকা হয়ে ওঠেননি। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তবে গত কয়েক বছরে বিভিন্ন জনসভা বা রাজনৈতিক অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতি ঘিরে দাম্পত্যে দূরত্বের জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ করে ২০২৫ সালে বিজয়ের রাজনৈতিক দলের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁকে না দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়।

আরও পড়ুন: ভাইরাল ‘আজ কি রাত’, কুরুচিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আইনের দ্বারস্থ শ্রাবন্তী

এদিকে বিজয়ের নতুন ছবি জন নয়াগণ (Jana Nayagan) নিয়েও জটিলতা তৈরি হয়েছে। ছবিটি প্রথমে পঙ্গল উপলক্ষে মুক্তির কথা থাকলেও Central Board of Film Certification–এর অনুমোদন না মেলায় মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত নির্মাতারা বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপে সম্মতি দিয়েছে মাদ্রাস হাই কোর্ট।

আরও পড়ুন: ‘ভোল বদলানো মানুষ পছন্দ নয়’, ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

এক সাক্ষাৎকারে বিজয় জানান, রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তাঁর ছবিকে টার্গেট করা হতে পারে বলে তিনি আগেই ধারণা করেছিলেন। তবে ছবির প্রযোজকের জন্য তাঁর খারাপ লাগছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ‘বসন্ত এসে গেছে’, হলুদ শাড়িতে বসন্তের আমেজ ছড়ালেন কোয়েল মল্লিক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker