অরূপ-স্বরূপের বাড়িতে মিলল ‘রহস্যময় ঘর’এর খোঁজ! ভিতরে কী আছে? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) চাপ বাড়ছে। অন্যদিকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তাঁর ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। এই পরিস্থিতিতে ‘বিশ্বাস ব্রাদার্স’এর বাড়িতে ‘রহস্যময় ঘর’এর খোঁজ পাওয়া গেল। জানা গিয়েছে, ডিজিটাল লক দেওয়া সেই ঘর খুলতে তৎপর হয়ে উঠেছে পুলিশ।
আজ অরূপ-স্বরূপদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ- (Aroop Biswas)
সোমবার স্বরূপকে নিয়ে বেহালার সাহাপুর কলোনিতে তাঁদের বাড়িতে গিয়েছিল বিশাল পুলিশবাহিনী। সেখানে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালানো হয়। সেই তল্লাশি অভিযানের সময়ই বাড়িতে থাকা একটি ‘রহস্যময় ঘর’এর খোঁজ পাওয়া যায়।
আরও পড়ুনঃ বাংলাতেও এবার আয়ুষ্মান ভারত! এই প্রকল্পে কী কী সুবিধা মিলবে, কতজন পাবেন?
জানা গিয়েছে, ওই ঘরটিতে ডিজিটাল লক করা রয়েছে। স্বরূপের থেকে সেই লকের কোড চাওয়া হলে তিনি কোড দিতে পারেননি। এরপর চাবিওয়ালাকে নিয়ে আসা হয়। তবে ডিজিটাল লক হওয়ায় তিনিও ওই ঘর খুলতে পারেননি। এবার অন্য কোনও উপায়ে এই ঘর খোলা যায় কিনা সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন তদন্তকারীরা।
পুলিশের অনুমান, অরূপ-স্বরূপের বাড়ির এই ‘রহস্যময় ঘর’এ একাধিক গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। ফলে ঘরের বাইরে থাকা ডিজিটাল লক খুলতে তৎপর হয়ে উঠেছেন তাঁরা।
তৃণমূল তো বটেই, রাজ্যের হেভিওয়েট নেতাদের মধ্যে একজন অরূপ বিশ্বাস। পূর্বতন সরকারের আমলে বিদ্যুৎ, ক্রীড়ার মতো দফতরের দায়িত্ব সামলেছেন। তবে রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মন্ত্রীর চাপ বেড়েছে। মেসি কাণ্ডে তাঁকে একাধিকবার পুলিশ তলব করলেও তিনি থানায় হাজিরা দেননি। উল্টে গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। যদিও তাঁকে রক্ষাকবচ দেয়নি আদালত।

অন্যদিকে অরূপের ভাই স্বরূপের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ উঠেছে। তোলাবাজি থেকে শুরু করে আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ‘বিশ্বাস ব্রাদার্স’এর বাড়িতে এক ‘রহস্যময় ঘর’এর খোঁজ পেল পুলিশ। সেই ঘরের ভিতর কী থাকতে পারে, দেখা দিতে শুরু করেছে এই প্রশ্ন।




