ইস্তফার পর কোয়েলকে নিয়ে বড় বার্তা সুকান্তর, জোরালো বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : রাজনীতিতে কোয়েল মল্লিকের (Koel Mallick) পথচলাই ছিল বড় চমক। কিন্তু তার থেকেও বড় চমক এল মাত্র কয়েক মাসের মধ্যেই। রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে নতুন করে জোরদার হয়েছে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা। বিশেষ করে পদত্যাগের আগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। তিনি কি নতুন কোনও রাজনৈতিক অধ্যায়ের দিকে এগোচ্ছেন? এই প্রশ্নের মাঝেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কোয়েলের (Koel Mallick) রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে সুকান্ত
চলতি বছরের ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু বৃহস্পতিবার, ১৬ জুলাই তিনি সেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিয়ম মেনে তাঁর ইস্তফাপত্র জমা দেওয়া হয়, তা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তের আগে বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ায় রাজনৈতিক মহলে নানা সম্ভাবনার কথা উঠে আসছে।
এদিন একটি কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কোয়েলের পদত্যাগ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন সুকান্ত মজুমদার। ভবিষ্যতে অভিনেত্রীর রাজনৈতিক পথ কোন দিকে যেতে পারে, সেই বিষয়ে তিনি বলেন, “এর আগে তিনজন সংসদ যেভাবে ইস্তফা দিয়ে আবার সাংসদ পদে ফিরে এসেছেন, উনিও সেইভাবেই ফিরে আসবেন।”
সুকান্তের এই মন্তব্যের পরই নতুন করে আলোচনায় উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইক এবং সুখেন্দু শেখর রায়। তাঁদের বিজেপির হয়ে আবার রাজ্যসভায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা রয়েছে। ফলে কোয়েল মল্লিককেও ঘিরে একই ধরনের জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন :জন্ম ও মৃত্যু নিবন্ধন থেকে আয়কর, আসন্ন বর্ষাকালীন অধিবেশনে পেশ হতে চলেছে এই ৫ গুরুত্বপূর্ণ বিল
রাজ্যসভায় বিজেপির শক্তিবৃদ্ধি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্যসভায় বিজেপির শক্তি ক্রমশ বাড়ছে, কারণ মানুষের স্বার্থে বিজেপির অনেক কাজ করা বাকি আছে, যা আগামিদিনে তাদের করতে হবে।” যদিও কোয়েল মল্লিক এখনও পর্যন্ত নিজের পদত্যাগের কারণ বা ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে কোয়েলের আকস্মিক ইস্তফা, বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনার পারদ অনেকটাই চড়েছে। এখন দেখার, এই পদত্যাগ শুধুই একটি সাংগঠনিক সিদ্ধান্ত, নাকি এর মাধ্যমে শুরু হতে চলেছে কোয়েল মল্লিকের নতুন রাজনৈতিক অধ্যায়।




