এক ধাক্কায় অনেকটাই কমল জ্বালানির রপ্তানি শুল্ক! ১ জুন থেকে বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার

সবদিক নিউজ: আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রল, ডিজেল এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা বিমানের জ্বালানি রপ্তানির ওপর আরোপিত বিশেষ অতিরিক্ত শুল্ক (Windfall Tax) এক ধাক্কায় অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। শনিবার সরকারের তরফে জারি করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই শুল্ক হ্রাসের কথা জানানো হয়েছে। নতুন এই সংশোধিত শুল্কহার আগামী ১ জুন থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে। তবে রপ্তানি শুল্ক কমলেও, দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রল ও ডিজেলের আবগারি শুল্কে (Excise Duty) আপাতত কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, দেশের আমজনতার জন্য পাম্পে জ্বালানির দাম এখনই কমছে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দামের গ্রাফ নিম্নমুখী হওয়ায় তিন ধরণের জ্বালানির ক্ষেত্রেই রপ্তানি শুল্ক ছাঁটাই করা হয়েছে: পেট্রল রপ্তানির ওপর এতদিন লিটার প্রতি ৩ টাকা শুল্ক ধার্য ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা ৫০ শতাংশ কমিয়ে লিটার প্রতি ১.৫ টাকা করা হয়েছে। ডিজেলের ক্ষেত্রে রপ্তানি শুল্ক লিটার প্রতি ১৬.৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১৩.৫ টাকা করা হয়েছে। এটিএফ (ATF): বিমানের জ্বালানি বা এটিএফ রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় ছাড় দেওয়া হয়েছে। লিটার প্রতি ১৬ টাকা থেকে শুল্ক কমিয়ে এক ধাক্কায় ৯.৫ টাকা করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল (Crude Oil), পেট্রল, ডিজেল এবং এটিএফ-এর গড় দাম প্রতি দুই সপ্তাহে একবার করে পর্যালোচনা করে সরকার। বিগত কয়েক দিনে বিশ্ববাজারে জ্বালানির দাম কিছুটা থিতু হওয়ায় এবং ভারতের তেল শোধনাগারগুলির (Refineries) ওপর থেকে চাপের বোঝা কমায় এই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সময় আকাশছোঁয়া হয়ে উঠেছিল। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। এই জ্বালানি সংকট ও দেশের অভ্যন্তরীণ বাজারের সুরক্ষার কথা মাথায় রেখে গত ২৭ মার্চ পেট্রল, ডিজেল এবং এটিএফ রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করেছিল মোদী সরকার। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের চাপ কমায় দেশীয় তেল রপ্তানিকারক সংস্থাগুলিকে স্বস্তি দিতে এই বিশেষ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর ফলে ভারতের তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে আরও বেশি প্রতিযোগিতামূলক দামে জ্বালানি রপ্তানি করতে পারবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।



