0%

দ্বিতীয়বারেও বাদ কাঞ্চন মল্লিক, দলে আছেন! প্রতিক্রিয়া ঘিরে চর্চা

টানা দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেলেন না অভিনেতা-রাজনীতিক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। ২০২৬ সালের নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একই সময়ে রাজ চক্রবর্তী, অদিতী মুন্সী এবং সোহম চক্রবর্তী-এর মতো পরিচিত মুখেরা দ্বিতীয়বারের জন্য দলীয় টিকিট পেয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হুগলির উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন কাঞ্চন মল্লিক। সেই সূত্রে গত পাঁচ বছর তিনি ওই কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এবার প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন তাঁকে বাদ দেওয়া হল।

আরও পড়ুন: অভিনেত্রী থেকে প্রার্থী, মানিকতলায় নতুন মুখ কে এই শ্রেয়া পাণ্ডে?

তালিকা প্রকাশের পর এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক বিষয়টি নিয়ে সংযত প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমি আগেই আভাস পেয়েছিলাম। দল আমাকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে টিকিটের বিষয়টি পুরোপুরি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। টিকিট না পেলেও আমি দিদির পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, দলীয় সিদ্ধান্তকে তিনি মেনে নিয়েছেন এবং প্রকাশ্যে কোনও অসন্তোষ দেখাতে চাননি।

আরও পড়ুন: ‘ওনাকে ওনার মতো থাকতে দিন’, চুঁচুড়ায় সমীকরণ বদলাচ্ছে?

এদিকে, উত্তরপাড়া কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। নতুন প্রার্থীকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আগামী মে মাসে বর্তমান বিধায়ক হিসেবে কাঞ্চন মল্লিকের মেয়াদ শেষ হবে। এরপর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে কী ভূমিকা নেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: ‘ওঁর শুভবুদ্ধির উদয় হোক’, একসময়ের বন্ধু রুদ্রনীলকে কেন এমন বললেন সোহম?

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker