নন্দীগ্রামে সেবাশ্রয় ‘রাজনৈতিক শো’? ‘প্যারাসিটামল-ORS’ কটাক্ষে শুভেন্দু অধিকারী বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে (Nandigram) সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে ঘিরে এবার একাধিক গুরুতর প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহীদ পরিবারের অনুপস্থিতি থেকে শুরু করে বাইরে থেকে লোক আনার অভিযোগ, সব মিলিয়ে নন্দীগ্রামে তৃণমূলের এই কর্মসূচিকে ‘নাটক’ বলেই তুলে ধরছেন বিজেপি নেতা।
নন্দীগ্রামে (Nandigram) সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ঘিরে কী বললেন শুভেন্দু?
নন্দীগ্রামে (Nandigram) সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ঘিরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এই কর্মসূচিতে নন্দীগ্রামের আসল মানুষের অংশগ্রহণ ছিল অত্যন্ত কম। বিশেষ করে ৪১ জন শহীদ পরিবারের মধ্যে ৩৫টি পরিবারই এই শিবিরে উপস্থিত ছিল না বলে জানান শুভেন্দু। শুভেন্দু অধিকারীর বক্তব্য, যাঁরা সত্যিই নন্দীগ্রামের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরাই যদি এই কর্মসূচি থেকে দূরে থাকেন, তাহলে এই সেবাশ্রয়ের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে। তিনি কটাক্ষ করে বলেন, শুধুমাত্র প্যারাসিটেমল আর ওয়ারেশের প্যাকেট বিতরণের জন্য বিরোধী দলনেতার কেন্দ্রকেই বেছে নেওয়া হয়েছে।
এদিন আরও এক ধাপ এগিয়ে কাগজ দেখিয়ে গুরুতর অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পয়সা জমা দিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মেদিনীপুর-হলদিয়া ডিপো থেকে লোক এনে এই কর্মসূচি ভরাট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নন্দীগ্রামের মানুষ সেই ‘বহিরাগত’ কর্মসূচিকে প্রত্যাখ্যান করেছে বলেই দাবি তাঁর।
শুভেন্দু অধিকারী আরও বলেন, নন্দীগ্রামের (Nandigram) মানুষ জানেন কে সারা বছর তাঁদের পাশে থাকেন। তাঁর দাবি, সেবা, চিকিৎসা এবং মানুষের পাশে দাঁড়ানো কোনও একদিনের কর্মসূচি নয়। এই কাজ সারা বছর ধরেই তিনি করে আসছেন, তাই বাইরের লোক এনে রাজনৈতিক কর্মসূচি সাজালে নন্দীগ্রামের মানুষ তা গ্রহণ করেন না।
অন্যদিকে, এই কর্মসূচিতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক রাজনৈতিক মন্তব্য করেন। তিনি নন্দীগ্রামে (Nandigram) প্রতি বছর একাধিক সেবাশ্রয় ক্যাম্প করার ঘোষণা দেন এবং বিরোধীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন। যদিও বিজেপির তরফে এই ঘোষণাকে ভোটের মুখে রাজনৈতিক স্টান্ট বলেই ব্যাখ্যা করা হচ্ছে।

আরও পড়ুনঃ নামমাত্র বেতন বৃদ্ধ, SSK-MSK শিক্ষকদের বেতন কাঠামোয় ক্ষোভে ফুঁসছেন রাজ্যের ৪০ হাজার কর্মী
প্রসঙ্গত, ২০২৫ সালের ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সেই সময় টানা ৭৫ দিন এই কর্মসূচি চললেও তা মূলত তাঁর নিজের সংসদ এলাকা ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ ছিল। এরপর ১ ডিসেম্বর থেকে শুরু হয় সেবাশ্রয়-২, যা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।
শুরুতে জানানো হয়েছিল, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকাগুলিতেই এই শিবির হবে। কিন্তু ভোটের মুখে আচমকাই নন্দীগ্রামে (Nandigram) মডেল ক্যাম্প করার ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপির অভিযোগ, এই কর্মসূচির আড়ালে রাজনৈতিক প্রচার চালানোর চেষ্টা করছে তৃণমূল।



