0%

নিয়োগ বিতর্কের পর বড় কড়া SSC, গ্রুপ সি-ডি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র লিখিত পরীক্ষায় যাতে কোনও রকম জালিয়াতি না হয়, সে জন্য নতুন নিয়ম চালু করল এসএসসি (SSC)। বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জুতো পরে আসা যাবে না, স্যান্ডেল বা চটি পরে আসতে হবে।

মোট ৮৪৭৮টি শূন্যপদে নিয়োগ পরীক্ষা (SSC)

গত বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এসএসসিকে (SSC) নির্দেশ দেয় শীর্ষ আদালত। এরপর নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার পালা গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের। মোট ৮৪৭৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ সি-র লিখিত পরীক্ষা হবে আগামী ১ মার্চ। আর গ্রুপ ডি-র লিখিত পরীক্ষা নির্ধারিত হয়েছে ৮ মার্চ।

এই দুই পরীক্ষার ক্ষেত্রেই নতুন নির্দেশ জারি করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। লিখিত পরীক্ষায় বসতে হলে পরীক্ষার্থীদের স্যান্ডেল বা স্লিপার পরে আসতে হবে। জুতো পরে আসা যাবে না। শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমন কোনও নির্দেশ ছিল না।

কেন এই সিদ্ধান্ত?

এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে, অতীতে বহু ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষার্থীরা জুতোয় নকলের সামগ্রী লুকিয়ে নিয়ে আসছেন। সেই পথ পুরোপুরি বন্ধ করতেই এই কড়াকড়ি। চটি বা স্যান্ডেল পরে এলে জুতোয় কিছু লুকিয়ে আনার সুযোগ থাকবে না বলেই মনে করছে কমিশন।

আরও পড়ুনঃ ভোটের মুখে ‘ফ্রি’ রাজনীতি! রাজ্যগুলির আর্থিক শৃঙ্খলা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

প্রায় ১৭ লক্ষ চাকরিপ্রার্থী এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র লিখিত পরীক্ষায় বসছেন বলে জানা গিয়েছে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কমিশন (SSC)। তাই আগেভাগেই জালিয়াতি রুখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker