0%

প্রথম জেলা সফরে শুভেন্দু অধিকারী, ডায়মন্ড হারবারে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর

সবদিক নিউজ: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা সফরে বেরোলেন শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর জেলা সফরের সূচনা হল ডায়মন্ড হারবার থেকে। রাজনৈতিকভাবে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র হিসেবে পরিচিত।

এদিন ডায়মন্ড হারবারের ‘সাগরিকা’ সরকারি টুরিস্ট হলে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার-সহ প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালও।

মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই শুভেন্দুর নজরে রয়েছে ডায়মন্ড হারবার মডেল। এদিন জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন সময়ে এই জেলায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোট পরবর্তী হিংসা নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। 

প্রশাসনিক সূত্রে খবর, অনুপ্রবেশ সমস্যা, ভোট পরবর্তী হিংসা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনিক কাজকর্ম নিয়ে বৈঠকে একাধিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে আরও সক্রিয় ও সতর্ক থাকার বার্তাও দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে ফলতায় নির্বাচন রয়েছে। প্রশাসনিক বৈঠকের পর ওই বিধানসভা এলাকায় বিজেপির একটি কর্মীসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই সভায় তিনিই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

ফলতার কর্মসূচি শেষ করে শুভেন্দুর নন্দীগ্রামে যাওয়ার কথা। এবারের নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর— দুই আসন থেকেই জয়ী হয়েছেন তিনি। তবে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হওয়ায় নন্দীগ্রাম আসনটি ছেড়েছেন মুখ্যমন্ত্রী।

যদিও নন্দীগ্রাম ছাড়লেও সেখানকার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষকে তিনি বুঝতে দেবেন না যে তিনি আর তাঁদের বিধায়ক নন। নির্বাচনের সময় এলাকার উন্নয়ন নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নিজের দায়িত্বেই পূরণ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker