0%

ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী! লক্ষ্মীবারেই শাহী-বৈঠকে সিলমোহর পড়বে মন্ত্রিসভার সম্প্রসারণে

সবদিক নিউজ: ছাব্বিশের পটপরিবর্তনের পর বাংলায় নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এবার এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন ও বিজেপি সূত্র মারফত জানা গিয়েছে, সব ঠিক থাকলে বৃহস্পতিবার রাতেই রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইপ্রোফাইল বৈঠক হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে, এই বৈঠকের মূল এজেন্ডা হল পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ এবং মন্ত্রীদের নাম চূড়ান্ত করা।

মায়াপুর সফর সেরেই দিল্লির উড়ান

বৃহস্পতিবারের সূচি অনুযায়ী, সকালে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে নদিয়ার মায়াপুরে যাবেন। সেখানে ইসকনের গোশালায় গোপূজন এবং চন্দ্রোদয় মন্দিরে মহাযজ্ঞে অংশ নেওয়ার পাশাপাশি শীর্ষস্থানীয় সাধুসন্তদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মায়াপুরের এই আধ্যাত্মিক সফর শেষ করে কলকাতায় ফিরেই তড়িঘড়ি দিল্লির বিমান ধরবেন মুখ্যমন্ত্রী। বিশেষ সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফরে তাঁর সঙ্গে যোগ দিতে পারেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যও। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বৈঠকের পরেই বাংলার নতুন মন্ত্রীদের তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

চমকপ্রদ ও ছোট আকৃতির নতুন মন্ত্রিসভা

সূত্রের দাবি, দিল্লি থেকে সবুজ সংকেত মেলার পরেই চলতি সপ্তাহে নতুন মন্ত্রীদের তালিকা পৌঁছে যাবে রাজভবনে (লোকভবন)। এবার মন্ত্রিসভার কলেবর বা আকার ছোট রাখা হলেও তাতে থাকবে একাধিক বড় চমক। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রতিটি ভৌগোলিক এলাকা এবং সমস্ত জাতি ও উপজাতির সুষম প্রতিনিধিত্ব বজায় রেখেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিজেপির জয়ী বিধায়কদের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায় এবং নিশীথ প্রামাণিক ছাড়া বাকিদের রাজ্য বা কেন্দ্রে মন্ত্রিত্ব সামলানোর পূর্ব অভিজ্ঞতা নেই। তাই এবার মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের পাশাপাশি প্রশাসনিক কাজ পরিচালনার দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি, ছাব্বিশের মহারণে যে সমস্ত জেলায় পদ্ম-শিবির নিরঙ্কুশ দাপট দেখিয়ে অভাবনীয় ফল করেছে, সেখানকার বিধায়কদের পুরস্কার স্বরূপ মন্ত্রী করা হচ্ছে। পূর্ণমন্ত্রীর পাশাপাশি একঝাঁক প্রতিমন্ত্রীর নামও এই তালিকায় স্থান পেয়েছে। এখন শুধু অপেক্ষা অমিত শাহ ও দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সম্মতির, যার পরেই নতুন রূপ পেতে চলেছে নবান্নের মন্ত্রিসভা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker