0%

বরুণের চোটে ভুগছে কেকেআর, হারের পর হতাশ অভিষেক নায়ার

সবদিক নিউজ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর কলকাতা নাইট রাইডার্স শিবিরে বাড়ছে চিন্তা। দলের প্রধান কোচ অভিষেক নায়ার স্পষ্ট জানিয়ে দিলেন, বরুণ চক্রবর্তীর অনুপস্থিতি বড় ধাক্কা দিয়েছে দলকে। সামান্য চোটের জন্য খেলতে পারেননি এই স্পিনার, আর তাতেই সুনীল নারিন-বরুণ চক্রবর্তী জুটি ভেঙে যায়।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলির অনবদ্য ইনিংসে জয় তুলে নেয় বেঙ্গালুরু। ১২ ম্যাচে অষ্টম জয় পেয়ে তারা উঠে যায় পয়েন্ট তালিকার এক নম্বরে। অন্যদিকে কলকাতার প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল আরও।

ম্যাচের পর অভিষেক নায়ার বলেন, ‘সুনীল আর বরুণ একসঙ্গে বল করলে দল অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এ বার আবার বরুণের হাড়ে চিড় ধরা পড়েছে, যা খুবই দুর্ভাগ্যজনক। এমন বোলারের বদলি খুঁজে পাওয়া সহজ নয়।’ গত পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে দারুণ ফর্মে ছিলেন বরুণ। কিন্তু সেই সময়েই চোট এসে সব গণ্ডগোল করে দিল।

নায়ারের মতে, ম্যাচের আগে বৃষ্টি হলেও পিচে রান করা সম্ভব ছিল। তাঁর কথায়, ‘শুরুর দিকে বল একটু নড়ছিল ঠিকই, কিন্তু আমাদের মনে হয়েছিল ১৮০ থেকে ২০০ রান যথেষ্ট হবে।’ তবে বিরাট কোহলির ক্যাচ পড়ে যাওয়াকেই ম্যাচের সবচেয়ে বড় ভুল বলছেন তিনি। ‘বিরাট কোহলির মতো ব্যাটারের ক্যাচ ফেললে তার মাশুল দিতেই হবে। বিশেষ করে রান তাড়া করার সময়। বৈভব অরোরা ক্যাচটা নিলে ম্যাচ অন্যদিকে যেতে পারত’, বলেন কেকেআর কোচ।

বৈভব অরোরা চার ওভারে ৪৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। দ্বিতীয় ওভারেই বিরাট তাঁর বিরুদ্ধে চারটি বাউন্ডারি মারেন। তবুও বৈভবের পাশে দাঁড়িয়েছেন নায়ার। তাঁর মতে, ‘বৈভবের অভিজ্ঞতা আছে। টি-২০ ক্রিকেটা ও খুব গুরুত্বপূর্ণ বোলার। তাই আমরা ভেবেছিলাম বিরাটকে ও-ই আউট করতে পারবে।’

এই মরশুমে ১১ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন বৈভব। হর্ষিত রানার অনুপস্থিতিতে দলের পেস বিভাগের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। তাঁর সেরা বোলিং ২৪ রানে ২ উইকেট।

অঙ্গকৃশ রঘুবংশীর ব্যাটিংয়েও মুগ্ধ হয়েছেন নায়ার। তিনি বলেন, ‘বৃষ্টির পরে বল নড়ছিল, ভুবনেশ্বর কুমার আর জশ হ্যাজেলউডের মতো বোলাররা চাপ তৈরি করছিল। সেই পরিস্থিতিতে রঘুবংশী খুব পরিণত ব্যাটিং করেছে।’ তিনি আরও জানান, ‘অঙ্গকৃশ খুব বুদ্ধি করে ইনিংস গড়েছে। বড় মাঠ হওয়া সত্ত্বেও আমরা বেঙ্গালুরুর থেকে বেশি ছক্কা মেরেছি, যা খুব কম দেখা যায়।’

এই মরশুমে ১১ ম্যাচে ৩৪০ রান করেছেন রঘুবংশী। তাঁর গড় ৩৪ এবং স্ট্রাইক রেট ১৩৯.৩৪। রয়েছে চারটি অর্ধশতরান, সর্বোচ্চ স্কোর ৭১।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker