শিয়ালদহ শাখার একাধিক রেল স্টেশনে বন্ধ রিজার্ভেশন কাউন্টার

সবদিক নিউজ: পূর্ব রেলের শিয়ালদহ নর্থ শাখার আটটি স্টেশনে রিজার্ভেশন বা পিআরএস কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্টেশনগুলিতে এ সংক্রান্ত নোটিস টাঙিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। অনেকেই কাউন্টারগুলি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
রেল সূত্রে জানা গিয়েছে, আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশনের রিজার্ভেশন কাউন্টার আর চালু থাকবে না। পূর্ব রেলের দাবি, সংশ্লিষ্ট কাউন্টারগুলির কাজের চাপ বা ব্যবহার পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকিট বুকিং, টিকিট বাতিল কিংবা অন্যান্য পরিষেবার জন্য যাত্রীদের নিকটবর্তী প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) কেন্দ্র ব্যবহার করতে হবে। পাশাপাশি, অনলাইনে আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমেও টিকিট বুকিং এবং বাতিলের সুবিধা পাওয়া যাবে।
তবে রেলের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বহু যাত্রী। তাঁদের বক্তব্য, এলাকার স্টেশনেই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা এবং বাতিল করার সুবিধা থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ উপকৃত হতেন। বিশেষ করে প্রবীণ নাগরিক এবং যাঁরা অনলাইন পরিষেবা ব্যবহারে অভ্যস্ত নন, তাঁদের সমস্যার মুখে পড়তে হবে।
বিরাটি, অশোকনগর-সহ একাধিক স্টেশনের যাত্রীদের অভিযোগ, কাউন্টার বন্ধ হয়ে গেলে দূরের বড় স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে। এতে সময় ও অতিরিক্ত খরচ— দুই-ই বাড়বে। অন্যদিকে, অনলাইনে টিকিট কাটতে গেলে সাইবার ক্যাফে বা এজেন্সিগুলিকে অতিরিক্ত পরিষেবা মূল্য দিতে হয় বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি বড় স্টেশনগুলিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো এবং দালালচক্রের সমস্যারও সম্মুখীন হতে হয় বলে দাবি যাত্রীদের। রেলের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর যাত্রী পরিষেবায় কতটা প্রভাব পড়ে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।



