0%

শুটিংয়ের ফাঁকে বাজারে বিমল, বিক্রেতাদের সঙ্গে বসে সবজির দাম হাঁকলেন!

শুটিংয়ের ফাঁকে হঠাৎ বাজারে গিয়ে বসে পড়লেন তামিল অভিনেতা বিমল। তবে শুধু ঘুরে দেখা নয়, স্থানীয় বিক্রেতাদের সঙ্গে একেবারে সাধারণ মানুষের মতো বসে সবজি বিক্রিও করলেন তিনি। পান্নানকোম্বুর সদ্য খোলা সাপ্তাহিক বাজারে বিমলের এই অন্যরকম উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে। তাঁকে দেখতে বাজারে ভিড়ও জমে যায়।

নিজের শহর মানাপ্পারাইয়ের কাছে তিরুচিরাপল্লি জেলার পান্নানকোম্বুতেই সম্প্রতি ছবির শুটিংয়ের কাজে গিয়েছিলেন বিমল। সেখান থেকে সময় বের করে চলে যান স্থানীয় বাজারে। বিক্রেতাদের সঙ্গে বসে সবজির দাম হাঁকতে দেখা যায় তাঁকে। ক্রেতাদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সবজি বিক্রির কাজে হাত লাগান অভিনেতা। জনপ্রিয় অভিনেতাকে এভাবে মাটির কাছাকাছি দেখে খুশি স্থানীয়রাও। জানা গিয়েছে, বাজার ছাড়ার আগে আশপাশের কয়েকজন ব্যবসায়ীকে ৫০০ টাকা করে দেন বিমল।

তবে বিমলের এই সাদামাটা বাজার-সফরের নেপথ্যে রয়েছে তাঁর জীবনের এক কঠিন সময়। মাত্র এক মাস আগেই ৪.৫ কোটি টাকার চেক বাউন্স মামলায় তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছে চেন্নাইয়ের স্মল ক্লেমস কোর্ট।

মামলাটি ২০১৮ সালের তাঁর প্রযোজিত ছবি ‘মন্নার ভাগাইয়ারা’-কে কেন্দ্র করে। ছবিটি তৈরির জন্য অর্থদাতা গোপির কাছ থেকে ৪.৫ কোটি টাকা ধার নিয়েছিলেন বিমল। ছবি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না করায় সেই ঋণ শোধ করতে চেক দেন অভিনেতা। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স করে। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের জেলের পাশাপাশি পুরো ৪.৫ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। যদিও উচ্চ আদালতে আপিল করার সুযোগ দিতে সাজায় এক মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুলিশের ভ্যান আটকানোয় FIR, মামলা প্রত্যাহারের দাবি রিয়া আহিরের

১৯৭৯ সালের ২৫ এপ্রিল পান্নানকোম্বুতেই জন্ম বিমলের। তাঁর আসল নাম রমেশ বিমল রামাসামি। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে তামিল ছবিতে অভিনয় শুরু করেন তিনি। ‘কাঞ্চিভরম’ ও ‘পাসাঙ্গা’-য় অভিনয়ের পর ‘কালাভানি’ ছবির হাত ধরে পান জনপ্রিয়তা। গ্রামীণ রোম্যান্টিক কমেডি ছবিটি ৫ কোটিরও বেশি টাকা আয় করে এবং বিমলকে তামিল ইন্ডাস্ট্রির পরিচিত মুখ করে তোলে।

এরপর ‘ভাগাই সুদা ভা’, ‘থুঙ্গা নগরম’ ও ‘কেডি বিল্লা কিল্লাদি রঙ্গা’-র মতো ছবিতে অভিনয় করেন। ২০১৯ সালে ‘কালাভানি ২’ মুক্তি পেলেও প্রথম ছবির সাফল্য ছুঁতে পারেনি। সাম্প্রতিক সময়েও তাঁর একাধিক ছবি বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেনি। ২০২৬ সালের ‘ভাদাম’ ও ‘সান্দাক্কারি’ও বাণিজ্যিক সাফল্য পায়নি। ব্যক্তিগত জীবনে অক্ষয়ার সঙ্গে বিবাহিত বিমল। তাঁদের তিন সন্তান রয়েছে। এর মধ্যেই বেশ কয়েকটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: ‘আগে গবেষণা করুন’, CJP আন্দোলনে বলিউডের তারকাদের ভূমিকা নিয়ে বিস্ফোরক সুরেশ ওবেরয়

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker