0%

সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?

শুধু কলকাতা লিগে ভালো খেলা ফুটবলারদের নয়, লিগে ভালো কোচিং করানো কোচেদেরও প্রদীপের আলোয় তুলে আনতে শিল্ডে সুযোগ দিতে চান ইস্টবেঙ্গল (East Bengal) কোচ আন্তোনিও লোপেজ হাবাস। যিনি সিদ্ধান্ত নিয়েছেন, বৃহস্পতিবার আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে বেঞ্চে থাকবেন না। তাঁর বদলে সহকারী বিনো জর্জ, অর্চিস্মান বিশ্বাসরা বেঞ্চে থাকবেন।

খাতায়-কলমে ইস্টবেঙ্গলের সামনে আহামরি দল নয় কাস্টমস। সেই দলের বিরুদ্ধে পুরো জুনিয়র দল হয়তো খেলাবে না ইস্টবেঙ্গল। জুনিয়রদের পাশাপাশি নরেন্দ্র গেহলট, জেসিন টিকেদের মতো কয়েকজন সিনিয়রও থাকতে পারেন কাস্টমসের বিরুদ্ধে। তবে প্রথম থেকেই শিল্ডে ঘরোয়া লিগের ভালো খেলা ফুটবলারদের পক্ষে শিল্ডে খেলানোর জন্য সওয়াল করে গিয়েছেন হাবাস। সামনেই এসিএল-টু এর গ্রুপ পর্বের আল শোরতা ম্যাচ। তাই সেই ম্যাচের দিকেই বেশি নজর হাবাসের।

এদিন বিকালে রাজারহাটে এনসিএ-তে সিনিয়র দলকে যেমন অনুশীলন করিয়েছেন হাবাস, তেমনই সকালে কলকাতা লিগে খেলা ফুটবলারদেরও অনুশীলন করিয়েছেন বিনো জর্জ। রিজার্ভ দলের ফুটবলারদেরও বলা হয়েছে, বৃহস্পতিবারের কাস্টমস ম্যাচের জন্য তৈরি থাকতে। প্রতিপক্ষ যেহেতু কাস্টমস, তাই বিদেশিদের না-ও খেলানো হতে পারে। শিল্ডের জন্য সিনিয়র-জুনিয়র মিলিয়ে মোট ৫৩ জনকে রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। এদিন বিকালে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করার কথা ছিল সিনিয়র দলের। কিন্তু বৃষ্টির জন্য রাজারহাটে সেই অনুশীলন স্থানান্তরিত হয়।

এদিকে আইএফএ শিল্ডের জন্য তড়িঘড়ি দল গঠন করতে হয়েছে কাস্টমসকে। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের তত্ত্বাবধানে ঘরোয়া লিগ খেলেছে তারা। শিল্ডে যেহেতু বিদেশি খেলানো যাবে, তাই কলকাতায় থাকা বিদেশি এমবেন্ডাকে ও অগাস্টিনকে রেজিস্ট্রেশন করিয়েছে তারা। কাস্টমসের আক্রমণভাগে রয়েছেন ঘরোয়া লিগে আট গোল করা স্ট্রাইকার মার্শাল কিস্কু।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker